দ্য ওয়াল ব্যুরো: পিঙ্কন কেলেঙ্কারির তদন্তে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করল আইনজীবী সঞ্জয় বসুকে। শুক্রবার বেশি রাতে এই খবর জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। ইডি সূত্রকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদসংস্থা।
পিটিআই দাবি করেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই আইনজীবী। আগামী সোমবার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে এই আইনজীবী সঞ্জয় বসুকে ডাকা হয়েছে।
পিঙ্কনের বিরুদ্ধে অন্তত ৮০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। জনগণের থেকে টাকা তুলেই এই সংস্থা ফুলেফেঁপে উঠেছিল বলে তদন্তে উঠে এসেছে বলে দাবি তদন্তকারীদের। এর আগে পিঙ্কনের ম্যানেজিং ডিরেক্টর মনোরঞ্জন রায় সহ বেশ কয়েকজন শীর্ষ কর্তাকে গ্রেফতার করেছিল ইডি।