
শেষ আপডেট: 13 March 2022 14:45
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ান ক্যাঙারু (Kangaroo Rescue) উদ্ধার হল বাংলায়! শনিবার রাতে অসম থেকে হায়দ্রাবাদে পাচারের সময় এই অস্ট্রেলিয়ান ক্যাঙারুটিকে উদ্ধার করে পুলিশ। অসম সীমান্তবর্তী বারোবিশা চেকপোষ্টে নাকা চেকিংয়ের সময় এই ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ান ক্যাঙারু উদ্ধারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সজুড়ে।
পুলিশ সূত্রের খবর, পাচারের উদ্দেশ্যেই গুয়াহাটি থেকে ক্যাঙারুটিকে (Kangaroo Rescue) হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল। তাকে ট্রাকের মধ্যে খাঁচা বন্দি করে কালো ত্রিপল চাপা দিয়ে রাখা ছিল। যাতে বোঝা না যায় সেখানে ক্যাঙারু আছে। কিন্তু সন্দেহ হওয়ায় পুলিশকর্মীরা ট্রাকটিতে তল্লাশি চালায়। তখনই ওই অস্ট্রেলিয়ান ক্যাঙারুর সন্ধান মেলে।
এই ঘটনায় পুলিশ ওই ট্রাকের চালক ও খালাসীকে আটক করে। ধৃতদের নাম ইমরান সেখ ও জায়েদ শেখ। তাদের রবিবার আলিপুরদুয়ারের বিশেষ আদালতে তুললে বিচারক তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এদিকে ক্যাঙ্গারুটিকে (Kangaroo Rescue) বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।
ডুয়ার্সের থেকে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় ক্যাঙারু রক্ষাণাবেক্ষণের উপযুক্ত পরিকাঠামো থাকায় সেটিকে কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত নেয় বনদফতর। উল্লেখ্য, আলিপুর চিড়িয়াখানায় একই রকম অস্ট্রেলিয়ান প্রজাতির ক্যাঙারু আছে। উদ্ধার হওয়া ক্যাঙারুকে নিয়ে বনদফতরের গাড়ি রবিবার বিকেলেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। বনদফতর জানিয়েছে ক্যাঙারুটির শারিরীক পরিস্থিতি ঠিক আছে, তাকে গাজর খাওয়ানো হয়েছে।
আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, ধৃতদের কাছে পারচেজ অর্ডার থাকলে তা দ্রুত জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।
মর্মান্তিক! স্ত্রীকে খুন করে পালিয়ে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী