
শেষ আপডেট: 4 January 2023 14:20
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: তৃণমূলের বাইক মিছিলে ধারালো অস্ত্র ( Attack On TMC Bike Rally) নিয়ে হামলার অভিযোগে উত্তপ্ত হল গাইঘাটা । তৃণমূলের অভিযোগ, হামলা চালিয়েছে বিজেপি ( BJP )। বিজেপির পাল্টা দাবি, গোষ্ঠীকোন্দলের জেরে হামলা হয়েছে তৃণমূলের মিছিলে। হামলার প্রতিবাদে বুধবার দুপুরের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলকর্মীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় এক ব্যবসায়ী ও তাঁর ভাইয়ের উপর হামলার পর মঙ্গলবার থেকেই তেতে উঠেছিল ঠাকুরনগর। ব্যবসায়ীর উপর হামলার পরেই পিটিয়ে মারা হয় পার্থ সমাদ্দার নামে এক ব্যক্তিকে। তিনি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। এই ঘটনার পরেই গাইঘাটা অশান্ত হয়ে ওঠে। বুধবার তৃণমূলের মিছিল ঘিরে আরও একবার তেতে উঠল এলাকা।
তৃণমূলের দাবি, বুধবার তাঁরা মছলন্দপুরে বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে বাইক মিছিল বের করেছিল। তখন কয়েকজন তাঁদের কর্মীদের উপর হামলা চালায়। গাইঘাটা দক্ষিণ ব্লকের তৃণমূলের সভাপতি তাপস ঘোষ জানান, বাইক মিছিলে থাকা তৃণমূলকর্মীদের পথ আটকে ছিল কয়েকজন দুষ্কৃতী। শুনেছি, তাঁদের হাতে অস্ত্র ছিল। ছয়-সাতজন জখম হয়েছেন। এরা সকলেই বিজেপি কর্মী। এলাকাকে অশান্ত করতে চাইছে। বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি স্বপনকুমার বিশ্বাসের পাল্টা বক্তব্য, পঞ্চায়েতে টিকিট পাওয়া নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই অশান্তি। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।
বন্ধুত্ব শেষ করতে চেয়েছিলেন যুবতী, সেই 'অপরাধ'-এ প্রকাশ্যে কোপাল বন্ধু!
এদিকে ঠাকুরনগরের আক্রান্ত ফল ব্যবসায়ী মনোরঞ্জন মজুমদার ও তাঁর ভাই সুরঞ্জন বারাসত হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের উপর হামলা চালানোর জন্য পুলিশ তন্ময় ঘোষাল নামে একজনকে গ্রেফতার করেছে। অন্যদিকে পার্থ সমাদ্দারের মৃত্যুর ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই দুটি ঘটনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে গাইঘাটায়।