
শেষ আপডেট: 17 February 2021 19:23
কাঁকুড়গাছিতে এদিন সভা ছিল শুভেন্দু অধিকারীর। সেখানেই হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডে বিজেপির দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। বিজেপি অফিসে বোমাবাজিরও অভিযোগ উঠেছে। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি।
সভা শেষে হেমচন্দ্র নস্কর রোড দিয়ে ডিসি-র দফতরে যাচ্ছিলেন শুভেন্দু। সেই সময় হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা পরেশ পালের নেতৃত্বে ডিসির অফিসের সামনে বিক্ষোভ করছে তৃণমূল। কাল একটি অনুষ্ঠানের আয়োজন করছিল তৃণমূল। সেখানে হামলা চালায় বিজেপি, এই অভিযোগ তুলেছে বেলেঘাটার বিধায়ক পরেশ পালের অনুগামীদের। এমনকি, বিজেপির হামলায় আহত হয়েছেন কয়েকজন তৃণমূল কর্মী, এমনও দাবি শাসক দলের।
গোটা ঘটনায় উত্তপ্ত এলাকা। পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী। এদিন কাঁকুড়গাছির সভায় বক্তৃতা করতে করতেই শুভেন্দু বলছিলেন ৩৫ নম্বর ওয়ার্ডের যুব মোর্চার সভাপতির সভাপতির বাড়িতে হামলা হয়েছে। তারপরেই এই ঘটনা ঘটে।
পরিস্থিতি এমন হয় যে গাড়ি থেকে নেমে বিজেপি কর্মীদের একদিকে সরিয়ে আনেন শুভেন্দু। গোটা ঘটনায় বেশ কয়েকজন স্থানীয় বিজেপি নেতাকর্মীর নাক-মুখ ফেটে গিয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। রাতেই আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান কৈলাস বিজয়বর্গীয়।