
শেষ আপডেট: 11 August 2023 10:43
দ্য ওয়াল ব্যুরো: বোর্ড গঠনকে ঘিরে বৃহস্পতিবার রণক্ষেত্রর চেহারা নিয়েছিল ফুরফুরা (Furfura)। খন্ডযুদ্ধে জখম হন ফুরফুরার পীর সাহেব ইব্রাহিম সিদ্দিকী। আহত হন হুগলির অতিরিক্ত পুলিশ সুপার সহ বেশ কয়েকজন পুলিশ কর্মীও। ওই ঘটনার প্রতিবাদে শুক্রবার ফুরফুরা শরিফের পীর সাহেবের বাড়িতে গেলেন হুগলির জেলা সিপিএম নেতৃত্ব (CPIM)।
পুলিশি অত্যাচারের প্রতিবাদে আজ ফুরফুরায় প্রতিবাদ সভা করবে পীর সাহেবদের একাংশ। সেকথা জানিয়ে বর্ষীয়ান পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী বলেন, “আমরা পীর ফকির মানুষ, আমরা কোন দল করি না। কিন্তু অন্যায়ের প্রতিবাদ করি। ফুরফুরা পঞ্চায়েত সিপিএম ও আইএসএফ যৌথভাবে জিতেছিল। সেই পঞ্চায়েত জোর করে পুলিশ প্রশাসনকে দিয়ে তৃণমূল দখল করেছে। এর প্রতিবাদ জানাতে গিয়ে মার খেলাম। রাজ্য সরকার চাইছে, মারধর করে প্রতিবাদ বন্ধ করতে।”
শাসকদলের অবশ্য দাবি, ভোটে হেরে পরিকল্পিতভাবেই গোলমাল পাকাতে চাইছে আইএসএফ-সিপিএম। অন্যদিকে পুলিশের কাজে বাধা, পুলিশকে আক্রমণের অভিযোগে বৃহস্পতিবার ফুরফুরার ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করে সিঙ্গুর থানার পুলিশ। ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। খন্ডযু্দ্ধকে ঘিরে বৃহস্পতিবার ফুরফুরা অঘোষিত বন্ধের চেহারা নেয়। বন্ধ থাকে দোকানপাট। শুক্রবার সকালে দোকান পাট খুললেও থমথমে পরিবেশ রয়েছে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী স্বপ্নদীপের বাবাকে আশ্বস্ত করলেন, কাউকে রেয়াত করা হবে না