
শেষ আপডেট: 17 March 2022 09:07
দ্য ওয়াল ব্যুরো: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছিলেন বিজেপির চার বিধায়ক। বৃহস্পতিবার সেই নোটিস গ্রহণ করেছেন বিধানসভার (Assembly) স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
তিনি জানিয়েছেন, এবার বিরোধী দলনেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবে বিধানসভার প্রিভিলেজ কমিটি।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র দফতরের বাজেটের উপর বক্তব্য রাখার সময় তাঁর দলের অর্থাৎ বিজেপির (BJP) চার বিধায়ক তাঁকে বাধা দেয় (Assembly) ।এই চার বিধায়ক হলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ, কালীয়াগঞ্জের সোমেন রায়, বাগদার বিশ্বজিৎ দাস ও রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণকল্যাণী। এই চারজনই যদিও তৃণমূলে (TMC) যোগ দিয়েছিলেন। কিন্তু অফিসিয়ালি তাঁরা বিজেপির বিধায়ক।
BJP Modi : ২০২৪-এর ভোটের কথা মাথায় রেখে চার রাজ্যে মন্ত্রিসভা সাজাচ্ছেন মোদী
রায়গঞ্জের বিধায়ক অভিযোগ করেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাকি ওয়াক আউট করার সময়ে হুমকি দিয়ে গিয়েছেন, তাঁর বাড়িতে ইনকাম ট্যাক্সের লোক পাঠাবেন বলে। এ নিয়ে তিনি বিধানসভার (Assembly) স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পরবর্তী সময়ে ওই চার জন বিজেপি বিধায়কই সাংবাদিক বৈঠক করে দাবি করেন, কালিয়াগঞ্জের বিধায়ক সোমেন রায়কে নাকি 'গুলি করে' মেরে দেওয়ার হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী! এই অভিযোগ আনার পরে তাঁরা স্পিকারকেও এ কথা জানান বলে বিধানসভা সূত্রের খবর। বিজেপির চার বিধায়কই বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনেন।
এই প্রসঙ্গে বিধানসভার স্পিকার বলেছেন, "এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গ বিধানসভায় আগে হয়েছে কিনা আমার জানা নেই। অধিবেশন চলার সময় একজন বিরোধী দলনেতা চার বিধায়ককে হুমকি দিচ্ছেন। এটা পুরোপুরি অপরাধের আওতায় পড়ে। তাঁর ব্যবহার সঠিক ছিল না। চারজনই নিরাপত্তার অভাব বোধ করেছেন, আমার কাছে নিরাপত্তার জন্য আবেদন করেছেন।"
জানা গেছে, অভিযোগের পরে এই চার বিধায়কের নিরাপত্তা বাড়ানোর জন্য তোড়জোড় শুরু করেছে বিধানসভা (Assembly)। সেই মতো নিরাপত্তা বাড়ানোও হতে পারে বলে খবর নবান্ন সূত্রের।
তবে শুভেন্দু এই নোটিস নিয়ে বিচলিত নন। বুধবারই তিনি বলেন, এই ধরনের অভিযোগ আনতে হলে নথিপত্র সহ প্রমাণ দাখিল করতে হয়। আমি হুঁশিয়ারি দিয়েছি বলা হচ্ছে, কোনও প্রমাণ আছে কি?