
শেষ আপডেট: 25 April 2022 02:38
দ্য ওয়াল ব্যুরো: বিজেপিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ (WhatsApp Group) ছাড়ার হিড়িক যেন লেগেই আছে! বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপি নেতা-কর্মীরা নানা সময়ে দলের মধ্যেই অসন্তোষ প্রকাশ করেছে। আদি-নব্য লড়াইও সামনে এসেছে। অনেকে দল ছেড়েছেন, আবার অনেকে দলে থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন। আর মাঝেমধ্যেই কোনও না কোনও কারণে হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই গ্রুপ ছাড়ার প্রকৃত কারণ জানা যায়নি। এবার সেই তালিকায় নাম লেখালেন প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি বিধায়ক অশোক দিন্দা (Ashok Dinda)।
সূত্রের খবর, বিজেপির সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেছেন দিন্দা। তবে বিধায়কদের গ্রুপে এখনও আছেন তিনি। কিন্তু তিনি কেন গ্রুপ ছাড়লেন তার সদুত্তর মেলেনি। চুপ দিন্দাও।
বিগত কয়েকদিনে ফের বিজেপির অন্দরে বিদ্রোহের সুর জোরালো হয়ে উঠেছে। সেই সুরেই কি গলা মেলালেন দিন্দা? উত্তর না মিললেও সূত্রের খবর, সাংগঠনিক কাজে অসন্তোষের জেরেই এই সিদ্ধান্ত। একের পর এক নেতার এমন আচরণে অস্বস্তিতে পদ্ম শিবির।
বিধানসভা নির্বাচনে আশাতীত ফল না হওয়ার পর থেকেই বিজেপির অন্দরে নানা সময়ে সময়ে নানা বিদ্রোহ দেখা গেছে। মূলত, আদি-নব্য লড়াই প্রকট হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতির দায়িত্ব দেয়। তাতেও কমেনি অসন্তোষ। বরং বেড়েছে বললেই চলে।
ভাঙা ডাকঘর, পরিষেবা 'অমিল' বারুইপুরের শাখা পোস্ট অফিসে! নিশ্চুপ কর্তৃপক্ষ