
শেষ আপডেট: 20 December 2022 09:04
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বাড়ি ঘিরে ফেলেছেন বাড়ি না পাওয়া বাসিন্দারা। প্রাণ বাঁচাতে দফতরের আধিকারিককে ফোন করে তাঁকে উদ্ধারের কাতর আর্জি জানাচ্ছেন এক আশাকর্মী ( Asha Worker Seeking Help)।
ভয়ে আতঙ্কে ফোনে তিনি বলে চলেছেন, “আমাকে বাঁচান ম্যাডাম। আমাকে মেরে ফেলবে। আমাকে যদি বাঁচাতে চান, গ্রামে সরেজমিনে তদন্ত করতে আসুন। আপনারা যেভাবে ট্রেনিং করিয়েছেন, সেভাবে কাজ করেছি। গ্রামের লোক বাড়িতে চড়াও হয়েছে।”
মঙ্গলবার ভোর থেকেই হরিহরপাড়া ( Hariharpara) খামারমাটি তুলসীপুর এলাকায় আশাকর্মী তহমিনা খাতুনের বাড়ি ঘিরে ফেলে স্থানীয় বাসিন্দারা। আবাস যোজনার তালিকা থেকে নাম কেটে দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখান তাঁরা। প্রাণ ভয়ে নারী উন্নয়ন আধিকারিক প্রভা মজুমদারকে ফোন করেন ওই আশাকর্মী।
আবাস যোজনায় উলটপুরাণ! ভাঙা ঘর, তবু নিজের নাম কাটলেন প্রধান
এদিকে গ্রামবাসীদের একাংশের অভিযোগ, ওই কর্মীর আত্মীয়দের নাম লিস্টে আছে। ৭০ জনের নাম কেটে নিজের আত্মীয়দের নাম লিস্টে তুলেছেন ওই আশাকর্মী। তাঁদের অনেকেরই পাকাবাড়ি রয়েছে। স্থানীয় বাসিন্দা পঞ্জিত সেখ বলেন, “আমরা চাই বিডিও আসুক। দরকারে লিস্টে সকলের নাম কাটা পড়ুক।” আরেক বাসিন্দা পাতু বিবির দাবি, “আশাকর্মীর আত্মীয়দের নাম আছে তালিকায়। আমি কাঁচা বাড়িতে থাকি আমার নাম বাদ গিয়েছে।”
যদিও ওই কর্মীর দাবি, যাঁরা ঘর পাওয়ার যোগ্য তাঁদের নামই আছে। ভুল বলছেন গ্রামের মানুষ। বলেন, “আমাকে মারধর করার হুমকি দেওয়া হচ্ছে। কাল রাতে বিক্ষোভ দেখিয়েছে। আবার ভোর থেকে এলাকার মানুষ বাড়ির সামনে জড়ো হয়েছে। আমি জয়েন্ট বিডিওকে জানিয়েছি। পুলিশ এসেছে। আমাদের ডিপার্টমেন্টের ম্যাডামকে জানিয়েছি। আমি আতঙ্কে আছি। মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।”
খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় হরিহরপাড়া থানার পুলিশ।