
শেষ আপডেট: 29 March 2023 06:08
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: একদিন নিখোঁজ থাকার পর ইঞ্জিনিয়ারিং ছাত্রীর (engineering student) ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হল আসানসোলে (Asansol)। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মৃত ছাত্রীর নাম কোয়েল হাঁসদা। তিনি আদিবাসী সম্প্রদায়ভুক্ত। তাঁর বাড়ি আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত নিউটাউন এলাকায়। ২২ বছর বয়সি ওই তরুণী আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী ছিলেন। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই তরুণী। দীর্ঘক্ষণ কেটে গেলেও তিনি না ফেরায় চিন্তা করতে শুরু করেন তাঁর বাড়ির লোকজন। তাঁর ফোনটিও সুইচড অফ করা ছিল। বাড়ি এবং আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি করলেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে হিরাপুর থানায় একটি মিসিং ডায়েরি করেন তাঁর বাড়ির লোকজন।
এরপর মঙ্গলবার রাত ১০টা নাগাদ নিউটাউন ১২ নম্বর রাস্তা থেকে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তাঁর বাড়ির লোক এবং পুলিশকে। পুলিশ গিয়ে তরুণীর মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। আজ বুধবার দেহটির ময়নাতদন্ত করা হবে বলে জানা গেছে। তরুণীর বাবার দাবি, মেয়েকে পরিকিল্পিতভাবে খুন করা হয়েছে। তবে কী কারণে তরুণীকে খুন করা হতে পারে, সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।
ঘটনার প্রতিবাদে আদিবাসী সম্প্রদায়ের তরফে হিরাপুর থানার সামনে জমায়েত করে রাস্তা অবরোধ করা হয়েছে। দোষীদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছেন তাঁরা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা, তা তদন্ত করে দেখছেন তাঁরা।
মদ খেয়ে ফের বমি, মলমূত্র ত্যাগ! ইন্ডিগোর বিমানের যাত্রীর কীর্তি ভাইরাল