
শেষ আপডেট: 9 August 2022 11:49
দ্য ওয়াল ব্যুরো: চুঁচুড়ার (Chinsura) এক বন্দিকে হাসপাতালে নিয়ে আসার পর সেখানেই তার উপর হামলা চালিয়েছিল অন্য একদল দুষ্কৃতী। হাসপাতাল চত্বরে রোগী সেজে লুকিয়ে ছিল তারা। পুলিশ চিকিৎসার জন্য বন্দিকে আনতেই গুলি চালায় তারা। অবশেষে সেই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করল চুঁচুড়া থানার পুলিশ (Arrest)।
জানা গেছে, গুলিবিদ্ধ ওই বন্দির নাম টোটোন বিশ্বাস। শুধু চুঁচুড়া নয়, গোটা হুগলির ত্রাস ছিল সে। একাধিক অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই টোটোনকে গ্রেফতারের পর বন্দি করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিল পুলিশ। গত শনিবার হাসপাতালেই তার উপর হামলা চালানো হয়। অস্ত্রোপচার করে গুলি বের করার পর কলকাতার হাসপাতালে রেফার করা হয় টোটোনকে। যাওয়ার সময়েই টোটোন অভিযোগের আঙুল তোলেন বাবু পাল ও তার দলবলের দিকে।
তারপর থেকেই অভিযুক্তদের খুঁজছিল পুলিশ। জানা গেছে, সেদিনই হুগলি থেকে ট্রেনে চেপে কাটোয়া চলে যায় অভিযুক্ত বাবু পাল ও তার সঙ্গীরা। পুলিশ তাদের মোবাইল ফোন ট্র্যাক করছিল। কিন্তু হোয়াটসঅ্যাপে স্কুপ কলের মাধ্যমে অভিযুক্তরা যোগাযোগ রাখছিল একে অপরের সঙ্গে, ফাঁকি দিচ্ছিল পুলিশকে। কাটোয়া পর্যন্ত তাদের ধাওয়া করেও খালি হাতে ফিরতে হয়েছিল পুলিশকে।
পরে গোপনসূত্রে পুলিশ খবর পায় অভিযুক্তরা উত্তরবঙ্গে পৌঁছে গেছে। রবিবার রাতেই জলপাইগুড়ি পৌঁছে যায় চন্দননগর পুলিশ কমিশনারেটের একটি দল। এসিপি ডিডির নেতৃত্বে তদন্তকারীরা হানা দেন জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন এলাকায়। সেখানেই আত্মগোপন করেছিল দুষ্কৃতীরা।
জলপাইগুড়ি থেকে চারজনকে গ্রেফতার করা হয়, আরও একজন ধরা পড়ে কল্যাণী থেকে। মঙ্গলবার ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছে।