
শেষ আপডেট: 10 June 2023 13:21
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: আগ্নেয়াস্ত্র-সহ পাকড়াও করা হল সারাংপুর পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি বসির মোল্লাকে। হাতেনাতে তাঁকে পাকড়াও করা হয়েছে বলে জানা গেছে। ডোমকল মহকুমা হাসপাতাল চত্বর থেকে তাকে আগ্নেয়াস্ত্র সহ আটক করে পুলিশ। পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমার দ্বিতীয় দিনে এই ঘটনায় তুমুল শোরগোল পড়ল গোটা এলাকায়।
শনিবার মনোনয়ন জমার দ্বিতীয় দিনে সকাল থেকেই তেতে উঠেছিল ডোমকল। ডোমকলে বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সিপিএম ও কংগ্রেসের অভিযোগ, তৃণমূলের কর্মীরা বিডিও অফিস ঘিরে রাখে, যাতে সেখানে কেউ ঢুকতে না পারে। রাস্তাতে ধরে ব্যাপক মারধর করা হয় তাঁদের। ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় বিডিও অফিস চত্বর। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।
ডোমকলের ব্লক তৃণমূল সভাপতি হাজিকুল ইসলাম অবশ্য দাবি করেন, বিরোধীরা মিথ্যে কথা বলছে। তিনি বলেন, “আমরা এখনও মনোনয়ন দিতেই যাইনি। তাই বিডিও অফিস ঘিরে রাখার কোনও প্রশ্নই নেই। আর আমাদের দলের নির্দেশ সবাই যাতে মনোনয়ন দিতে পারে সেটা নিশ্চিত করা। কাজেই বাজে কথা বলা হচ্ছে। ওখানে কেউ বিরোধীদের কোনও বাধা দেয়নি।”
বিডিও অফিসের সামনে যখন তুমুল হইহল্লা চলছে, তখন ডোমকল মহকুমা হাসপাতাল চত্বর থেকে পাকড়াও করা হয় সারাংপুর পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি বসির মোল্লাকে। তারপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ডোমকলজুড়ে।