
শেষ আপডেট: 20 November 2022 08:10
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: রবিবার থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। ২২ তম বিশ্বকাপের আসর বসেছে মধ্যপ্রাচ্যের কাতারে। এবারেও সব আকর্ষণ মেসি-রোনাল্ডোকে নিয়ে। তার উপর বাঙালি বরাবরই বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা দুই শিবিরে বিভক্ত। কিন্তু প্রিয় দল ও প্রিয় ফুটবলারকে ভালবেসে মানুষ যে কতকিছু করতে পারে তার উদাহরণ হলেন ইছাপুরের শিবে পাত্র। বিশ্বকাপ শুরুর দিন 'ভাই' মেসির মূর্তি উন্মোচন করলেন এই আর্জেন্টিনা ফ্যান (Argentina Fan's Club)। একদমই ঠিক পড়ছেন, পেশায় চা-বিক্রেতা (Tea Seller) শিবে পাত্র লিওনেল মেসিকে (Lionel Messi) ভাই বলে ডাকেন!
জাঁকিয়ে শীত কবে? সুখবর দিল হাওয়া অফিস
ইছাপুর নবাবগঞ্জের পেশায় চা বিক্রেতা শিবে পাত্রর উদ্যোগেই এলাকায় গড়ে ওঠে আর্জেন্টিনা ফ্যান ক্লাব। তাঁর দোকান মেসির দেশের জাতীয় পতাকার নীল-সাদা ডোরাকাটা রঙে রেঙে উঠেছে। লিও-র ১০ নম্বর জার্সি পরে চা বিক্রি করছেন। সেই তিনিই নিজের টাকায় মেসির মূর্তি তৈরি করেছেন। রবিবার সকালে প্রাক্তন ফুটবলার সংগ্রাম মুখোপাধ্যায় সেই মূর্তিটি উদ্বোধন করেন। ইছাপুর আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বাকি সদস্যারাও উপস্থিত ছিলেন। শিবে পাত্র চান, শেষ বিশ্বকাপে এসে সফল হোন মেসি। একমাত্র অধরা ট্রফিটি ঘরে তুলুন তিনি। তাঁরা আর্জেন্টিনা থিমে তৈরি কেক'ও কাটেন।
আর্জেন্টিনা পাগল শিবে পাত্রর এই উদ্যোগে খুশি এলাকার মানুষও। সারা পাড়া আর্জেন্টিনার জাতীয় পতাকায় সেজে উঠেছে।
এদিকে সংগ্রাম মুখোপাধ্যায় বলেন, এবারের আর্জেন্টিনা টিম খুব ভাল। মেসিদের ট্রফি জেতার বড় চান্স আছে।