
শেষ আপডেট: 26 September 2023 15:13
দ্য ওয়াল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশনের পর এবার কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়াতেও (College Service Commission) বেনয়িমের অভিযোগ! মঙ্গলবার ওই মামলার শুনানিতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে কমিশনের হলফনামা তলব করল হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ১৩ অক্টোবরে মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)।
এই প্রসঙ্গেই এদিন জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যর প্রসঙ্গ টেনে এনেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কমিশনের উদ্দেশে বিচারপতিকে বলতে শোনা যায়, “পার্থ চট্টোপাধ্যায়ও (Partha Chatterjee) দুর্নীতির কারণে জেলে, এসএসএসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশও এখন জেলে, পারলে একটু মনে করিয়ে দেবেন, দুর্নীতিতে নিমজ্জিতরা আপনাদের ঘাড়ে বন্দুক রেখে কাজ সারে।”
আদালত সূত্রে জানা গিয়েছে, মামলাকারী মোনালিসা ঘোষ ২০২০ সালের কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন। কলেজ সার্ভিস কমিশনের বিরুদ্ধে তাঁর অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় প্রবেশনারি মেরিট লিস্টে নামের তালিকায় কারও নম্বর প্রকাশ করা হয়নি। ফলে তিনি কিসের ভিত্তিতে বাদ পড়লেন, সেটা জানতে পারেননি।
ওই মামলার শুনানিতে কলেজ সার্ভিস কমিশনের (College Service Commission) আইনজীবী আদালতকে জানান, মেধা তালিকা প্রকাশ করার ক্ষেত্রে কমিশনের সুনির্দিষ্ট কোনও নিয়ম নেই। একথা শুনে রীতিমতো চমকে ওঠেন বিচারপতি। এরপরই বিচারপতি বলেন, স্বচ্ছতার প্রশ্নে প্রবেশনারি মেরিট প্যানেলে নম্বর বিভাজন প্রকাশ করা জরুরি।
আরও পড়ুন: পুজোর মুখে কাজ ফিরে পেলেন ৫ হাজার শ্রমিক, খুলল জুটমিল, খুশির হাওয়া ভাটপাড়ায়