
শেষ আপডেট: 4 April 2023 16:20
দ্য ওয়াল ব্যুরো: রাম নবমীর দিন অগ্নিগর্ভ অবস্থা হয়েছিল হাওড়ার শিবপুর এলাকায় (Howrah-Rishra issue)। রবিবার থেকে উত্তেজনা ছড়িয়েছে হুগলির রিষড়াতেও। গত প্রায় এক সপ্তাহ ধরে যেভাবে হিংসার ঘটনা ছড়াচ্ছে কলকাতা পার্শ্ববর্তী দুই জেলায়, তাতে পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। এবার সেই নিয়ে সরব হলেন রাজ্যের বুদ্ধিজীবী মহলও।
মঙ্গলবার সন্ধেয় এই হিংসার ঘটনা নিয়ে খোলা বিবৃতি দিলেন অপর্ণা সেন (Aparna Sen), কৌশিক সেন (Kaushik Sen), অনির্বাণ ভট্টাচার্যের মতো বিদ্বজনেরা। এই ঘটনায় পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। চিঠিতে লেখা রয়েছে যে, "রামনবমী উদযাপনকে কেন্দ্র করে গত ছয়দিন ধরে পশ্চিমবঙ্গে যে ধর্মীয় মেরুকরণের রাজনৈতিক ক্রিয়াকাণ্ড সক্রিয় হয়ে উঠেছে, নাগরিক হিসাবে আমরা শঙ্কিত ও উদ্বিগ্ন বোধ করছি। তীব্রভাবে এই ঘটনাবলির প্রতিবাদ জানাচ্ছি।"
এরপর সেই চিঠিতে আরও লেখা হয় যে, "সেইসঙ্গে প্রশাসনিক দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিতে চাই। সাধারণ মানুষের প্রাণ এবং সম্পত্তি রক্ষার দায়িত্ব পুলিশ প্রশাসনের। সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকারও তীব্র নিন্দা করছি। অবিলম্বে এই মেরুকরণের হিংস্র রাজনীতি বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উচ্চ পর্যায়ের প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানাচ্ছি।"
চিঠির নীচে পরপর সই রয়েছে সেই বিশিষ্টজনেদের। অপর্ণা সেন, সুমন মুখোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায়, কৌশিক সেন, রেশমী সেন, অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, বোলান গঙ্গোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অনুপম রায় এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজ্যের নামীদামি শিল্পীরা সই করেছেন সেই চিঠির নীচে।
এই রাজ্যপাল ধনকড়ের মতো নন, বিবৃতি না দিয়ে ৩৫৫ করে দেখান: শুভেন্দু