
শেষ আপডেট: 18 August 2023 08:54
দ্য ওয়াল ব্যুরো: আগেই জানানো হয়েছিল জামিনের আবেদন। বাংলার মামলা কেন বাংলায় স্থানান্তর করা হবে না, প্রশ্ন তুলে গত বৃহস্পতিবার বিচারকের সামনে সওয়ালও করেছিলেন গরু পাচার মামলায় (Cow Smuggling Case) ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। যদিও এদিনের শুনানি শেষে ফের জামিন নাকচ করে অনুব্রত, তাঁর কন্যা সুকন্যা এবং প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক।
আদালত সূত্রের খবর, শরীর খারাপ থাকায় এদিন আদালতে সশরীরে হাজির করানো হয়নি অনুব্রতকে (Anubrata Mandal)। তবে সুকন্যা, সায়গলকে তোলা হয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে। বিচারক জামিন নাকচ করে ২১ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
গরু পাচার মামলায় (Cow Smuggling Case) গত বছরের ১১ অগস্ট বীরভূমের বোলপুরের নীচুপট্টির বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির হেফাজত শেষে আসানসোল জেলেই ছিলেন তিনি। পরে আদালতের অনুমতিক্রমে অনুব্রতকে দিল্লি নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সম্প্রতি আসানসোল মহকুমা আদালত থেকে মামলাটি দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে নিয়ে যাওয়ার জন্য তৎপর হয় ইডি।
এরই প্রতিবাদে গত ১০ অগস্ট ভার্চুয়াল শুনানিতে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারককে অনুব্রত বলেন, “শুনছি আমার কেসটা দিল্লি চলে যাবে? আমরা বাংলার মানুষ, আমাদের বাড়ি বাংলায়। সাক্ষী সহ সবার বাড়ি বীরভূম জেলায়। আমরা দিল্লি যাব কেন?” নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিমকোর্টে যাওয়া যাবে কি না, সেদিন বিচারকের কাছে তাও জানতে চেয়েছিলেন কেষ্ট মণ্ডল।
আরও পড়ুন: উপনির্বাচনের মুখে বদলি ধূপগুড়ির বিডিও শঙ্খদীপ, পঞ্চায়েত ভোটে ব্যালট বিতর্কে জড়িয়েছিলেন