দ্য ওয়াল ব্যুরো: বিতর্কে তিনি থাকেন বরাবরই, তবে এবার অভিযোগ গুরুতর। একেবারে মহামানব হয়ে উঠলেন বীরভূমের কেষ্ট।
সরকারি অনুষ্ঠানে প্রকাশ্যে অনুব্রত মণ্ডলের পা ছুঁয়ে প্রণাম করলেন বিডিও। বললেন, 'উনি মহামানব।'
ঘটনাটি ঘটেছে, পূর্ব বর্ধমানের আউশগ্রাম ১ নং ব্লক কৃষিমাণ্ডিতে। বৃহস্পতিবার থেকে ওই এলাকায় একটি করোনা সেফ হোম চালু করা হয়েছে। ২৫টি বেড সম্বলিত এই সেফ হোমের উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, সেখানেই নাকি প্রকাশ্য মঞ্চে তাঁর পায়ে হাত দেন বিডিও অরিন্দম মুখোপাধ্যায়।
শুধু তাই নয়, অনুব্রত মণ্ডলকে স্বাগত জানানোর সময় বিডিও বলেন, 'আমাদের মুখ্যমন্ত্রী কর্মবীর, আর অনুব্রত মণ্ডল মহামানব।'
করোনা পরিস্থিতিতে সেফ হোম উদ্বোধনের মতো সরকারি অনুষ্ঠানে এমন ঘটনা নিয়ে স্বভাবতই বিতর্ক তৈরি হয়েছে।
বিডিও অরিন্দম মুখোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ অনুব্রতও। বীরভূম জেলা তৃণমূলের সভাপতি এদিন আউশগ্রাম এলাকার মানুষের উদ্দেশে ওই মঞ্চ থেকেই বলেন, 'আপনারা একজন ভাল বিডিও পেয়েছেন। যাঁর মাধ্যমে আপনারা এগিয়ে যেতে পারবেন।'
গোটা ঘটনায় যখন সরব হয়েছে নানা মহল, তখন নিজের পক্ষে সাফাই দিয়েছেন বিডিও অরিন্দম বাবু। এমন কি অনুব্রত তাঁর প্রণাম গ্রহণ করেননি বলেও দাবি করেছেন তিনি। বলেছেন, 'অনুব্রত মণ্ডল সম্মানীয় অতিথি। আমি প্রণাম করতে গিয়েছিলাম। কিন্তু উনি তা গ্রহণ করেননি।'
আউশগ্রামের এই অনুষ্ঠানে এদিন অনুব্রত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অভেদানন্দ থান্দার, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মাজি প্রমুখ।