
শেষ আপডেট: 21 January 2023 11:57
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: চাকরি দেওয়ার নাম করে প্রতারণার (job fraud) অভিযোগে আরও এক শিক্ষককে (teacher) গ্রেফতার করল পুলিশ। শিলিগুড়ির হাকিমপাড়া থেকে শুক্রবার রাতে স্কুলশিক্ষক পঙ্কজকুমার বর্মনকে গ্রেফতার (arrested) করে পুলিশ। তিনি শিলিগুড়ির রথখোলা বরদাকান্ত উচ্চ বিদ্যালয়ে সংস্কৃত পড়াতেন বলে জানা গেছে।
গত ১০ তারিখ স্কুল শিক্ষকের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আমবাড়ির ফালাকাটার চিন্তামোহন উচ্চবিদ্যালয়ের বাংলার শিক্ষক সন্তোষ বর্মনকে গ্রেফতার করে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন সন্তোষ। তাকে জেরা করেই পঙ্কজ বর্মনের নাম জানতে পারে পুলিশ। পঙ্কজও এই চক্রে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয় ধৃত শিক্ষক পঙ্কজকুমার বর্মনকে। তাঁকে হেফাজতে চেয়ে আবেদনও জানায় পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, আপার প্রাইমারিতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ করেছিলেন শীতলকুচির বাসিন্দা বাপ্পা মালাকার। সেই অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল সন্তোষ বর্মনকে। এবার পঙ্কজকুমার বর্মনকে গ্রেফতার করা হল তাঁর শিলিগুড়ি হাকিমপাড়ার বাড়ি থেকে।
স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যে ডামাডোল চলছেই। শিক্ষা দফতরের প্রাক্তন মন্ত্রী ও বেশ কয়েকজন আধিকারিকও জেল হেফাজতে। চাকরি দেওয়ার নামে প্রতারণায় জাল ছড়িয়েছে গোটা রাজ্যেই। ওই দুই শিক্ষকও সেই চক্রে জড়িত বলেই পুলিশের দাবি।