
শেষ আপডেট: 22 March 2024 15:32
দ্য ওয়াল ব্যুরো, ময়নাগুড়ি: গত বছর অক্টোবর মাসে বিধ্বংসী হয়ে উঠেছিল তিস্তা। সিকিমে দেখা গেছিল ভয়ঙ্কর ভূমি ধস। ডুবে যাওয়া সেনাছাউনি থেকে মর্টার শেল জলের তোড়ে সমতলের দিকে ভেসে এসেছিল। জলপাইগুড়ির তিস্তাপার থেকে তখন একাধিক মর্টার শেল উদ্ধার হয়।
সেই প্রাকৃতিক বিপর্যয়ের পর পাঁচ মাস কেটে গেছে। কিন্তু শুক্রবার ময়নাগুড়ি থেকে ভেসে আসা আরও একটি মর্টার শেল উদ্ধার হল। এই ঘটনায় শোরগোল পড়ে গেছে ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের কাউয়াগাব গ্রামে। এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামশাই গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েকদিন আগেই রাস্তার কাজ শুরু হয়েছে। সেই কাজের জন্য তিস্তা নদী সংলগ্ন ওদলাবাড়ি থেকে প্রচুর বালি-পাথর নিয়ে আসা হয়েছে। সেই বালি পাথরের মধ্যেই আটকে ছিল মর্টার শেলটি এমনটাই দাবি করেছেন স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থল যায় ময়নাগুড়ি থানার পুলিশ। সেনাবাহিনীকেও খবর দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, মর্টার শেলটি জওয়ানরা উদ্ধার না করা পর্যন্ত আপাতত নিরাপত্তার কারণে চারদিকে কর্ডন করে শেলটিকে পুলিশ পাহারা দেবে।