
শেষ আপডেট: 20 May 2022 12:49
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikari) মেয়ে অঙ্কিতা অধিকারীকে (Ankita Adhikari) অবিলম্বে শিক্ষিকার চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়। ৪১ মাসের বেতনও ধাপে ধাপে ফেরত দিতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই নিয়ে যখন তোলপাড় চলছে, তখন অঙ্কিতা যে স্কুলে চাকরি করতেন সেই ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় বসুনিয়া বলেন, "অঙ্কিতা ভাল শিক্ষিকা ছিলেন।"
হাইকোর্টের নির্দেশের ফলে ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে অঙ্কিতার চাকরির ভবিষ্যতে ইতি পড়তে চলেছে। সেই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষিকা জানান, "আমি যা জেনেছি সংবাদমাধ্যম থেকে জেনেছি। সরকারি যা নির্দেশিকা আসবে সেইমতো কাজ করব।"
২০১৮ সালে এই স্কুলে যোগ দেন অঙ্কিতা। প্রায় চার বছর এই স্কুলে রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে চাকরি করেছেন তিনি। শিক্ষিকা হিসেবে কেমন ছিলেন পরেশ-কন্যা? রঞ্জনাদেবী বলেন, "শিক্ষিকা হিসেবে যেমন শিক্ষিকারা থাকেন তেমনই। রোজ স্কুলে আসতেন। স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্ক ভালই ছিল। পড়াশোনার বাইরে স্কুলের অন্য কাজও করতেন। সবার সঙ্গেই সম্পর্ক ভাল ছিল।"
অঙ্কিতাকে নিয়ে কী সিদ্ধান্ত নেবে স্কুল? প্রধান শিক্ষিকা জানান, "এখন স্কুল ছুটি। তাই কারও সঙ্গে কথা হয়নি। তবে সরকারি যা নির্দেশ আসবে সেই মতো কাজ করব। আমার একার কথাতে কিছু হবে না। স্কুলের ম্যানেজিং কমিটি যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে।"
গত কয়েক দিনে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়েকে নিয়ে টানাপোড়েন চলছে। কলকাতা হাইকোর্ট এই মামলায় পরেশ অধিকারীকে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দিয়েছে। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, অবিলম্বে অঙ্কিতার চাকরি বাতিল করতে হবে। সেই সঙ্গে গত ৪১ মাস ধরে অঙ্কিতা অধিকারী যে বেতন পেয়েছেন, তা দুটি কিস্তিতে ফেরত দিতে হবে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই টাকা রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা থাকবে।
২০১৮ সালে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিসের মেধা তালিকাকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। প্রথম মেধা তালিকায় অঙ্কিতার নাম না থাকেলও পরের এসএসসি-র ওয়েবসাইটে রাষ্ট্রবিজ্ঞানের তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসনের ওয়েট লিস্টে প্রথম স্থানে চলে আসে অঙ্কিতার নাম।
২০১৮ সালে এই মেধা তালিকা বিভ্রাট ঘটে এমন সময়ে যখন অঙ্কিতার বাবা পরেশ অধিকারী বাম শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেন। অনেকেই তখন প্রশ্ন করেন, এই কারণেই মেধা তালিকায় জায়গা পেয়েছিলেন অঙ্কিতা। চার বছর কেটে গেছে তারপর। আদালতের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা। সেই মামলার শুনানিতেই এদিন চাকরি খোয়ালেন অঙ্কিতা।
‘আই ওয়াশ’, শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি নিয়ে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের