
শেষ আপডেট: 13 December 2022 08:58
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) জট কেটেও কাটছে না। ছাত্র সংসদের নির্বাচন নিয়ে অনড় পড়ুয়ারা, সরকার চাইছে অনশন তুলে আলোচনার টেবিলে বসুক তাঁরা। ফলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। একাধিক অনশনরত পড়ুয়া অসুস্থ হয়ে পড়ছেন বলেও খবর। এই পরিস্থিতিতে অনশন তুলে আলোচনায় বসে সমস্যা সমাধানের আবেদন জানালেন মেডিক্যাল কলেজের সুপার অঞ্জন অধিকারী (Anjan Adhikari)।
জানা গেছে, এদিন তিনি এই বিষয় নিয়ে কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছেন, যাতে তিনি স্বাস্থ্যভবনের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। মেডিক্যাল কলেজের সুপার জানান, 'নির্বাচন তো একদিনে হওয়ার বিষয় নয়। এর অনেক প্রস্তুতি রয়েছে। সবদিক খতিয়ে দেখেই নির্বাচনের তারিখ জানানো হবে।' তবে এর পাশাপাশি তিনি অনশনরত পড়ুয়াদের কাছে আবেদন করেন যাতে তাঁরা এই আন্দোলন তুলে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করেন।
প্রসঙ্গত, মঙ্গলবার স্বাস্থ্যভবনে স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল আন্দোলনকারী পড়ুয়াদের। কিন্তু স্বাস্থ্যসচিব স্পষ্ট জানিয়ে দেন, অনশন না তুললে কোনওরকম আলোচনা সম্ভব হবে না। সোমবারই এই আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
গতকালই চন্দ্রিমা আন্দোলন তুলে নেওয়ার অনুরোধ করেন। মন্ত্রী জানান, যে নির্বাচনের দাবি করছেন আন্দোলনরত পড়ুয়ারা, সেই নির্বাচন হবে। তবে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা চলছে। ফলে নির্বাচনের দিনক্ষণ এখনই জানানো সম্ভব নয়। এতদিন নির্বাচন হয়নি কারণ কোভিডের প্রোটোকল ছিল।
কিন্তু স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আশ্বাস ও অনুরোধের পরেও অনশন তোলার কোনও উদ্যোগ দেখা যায়নি পড়ুয়াদের মধ্যে। তাঁদের দাবি, ছাত্র সংসদ নির্বাচনের তারিখ জানালেই অনশন উঠবে। এখন দেখার সুপারের আবেদনের পর জট কাটে কিনা।
লালনের মৃত্যুতে টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ, তোলপাড় রামপুরহাট