
শেষ আপডেট: 25 April 2022 09:19
দ্য ওয়াল ব্যুরো: ছাত্রনেতা আনিস খান আত্মহত্যা করেছেন বলে ময়নাতদন্তের রিপোর্ট জমা দিল সিট। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আনিস খানের মৃত্যু অস্বাভাবিক নয়! কারণ হিসেবে সিটের যুক্তি, মৃত্যুর আগে আনিস চিৎকার করেননি। ধস্তাধ্বস্তির কোনও চিহ্নও নেই তাঁর শরীরে। সিটের রিপোর্টে আরও দাবি, আনিস নিজেই ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন। এবং ঝাঁপ দেওয়ার ওই জায়গাতেও কোনও অস্বাভাবিক চিহ্ন পাওয়া যায়নি। এবং সিটের তদন্তকারীরা আত্মহত্যার পক্ষেই সমস্ত তথ্য পেয়েছেন বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
সিটের ময়নাতদন্তের রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আনিসকাণ্ডে রাজ্যের রিপোর্টে খামতি উল্লেখ করে একসপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সিটের রিপোর্ট নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, ‘রিপোর্টে আমরা খুশি নই। এটা কোনও তদন্ত হচ্ছে না। এটা একটা অনুসন্ধান হচ্ছে। অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা হচ্ছে না। তথ্যপ্রমাণ সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে না। জিজ্ঞাসাবাদ কার্যত কিছুই হচ্ছে না। মৃত্যুর আগে চিৎকার করেনি বলে এটাকে খুন বলে মানতে রাজি নয় তদন্তকারীরা। পলিগ্রাফ পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে এটা হত্যা নয়। আমরা অন্য সংস্থাকে দিয়ে তদন্তের আর্জি জানাচ্ছি। এই মামলার পরবর্তী শুনানি ১২ মে। ’
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি আমতায় ছাত্রনেতা আনিসের দেহ তাঁর বাড়ির সামনে থেকে উদ্ধার হয়। পরিবারের অভিযোগ ছিল, তার আগে আনিসের বাড়িতে এসেছিলেন কয়েক জন পুলিশকর্মী। তাঁরা আনিসের খোঁজে বাড়ির তিন তলাতেও যান। সেখান থেকেই আনিসকে ঠেলে ফেলে দেওয়া হয়। সিবিআই তদন্ত দাবি করা হয় পরিবারের তরফে। কিন্ত আদালত রাজ্য পুলিশকেই ঘটনাটির তদন্তভার দেয়। সেই রিপোর্টি জমা পড়েছে আদালতে। তবে আনিসের পরিবার ওই রিপোর্টে খুশি নন।
রিপোর্টে অসঙ্গতির অভিযোগের জবাবে বিচারপতি রাজাশেখর মান্থা আনিসের পরিবারকে নির্দেশ দিয়েছেন, তাঁদের আপত্তির কথা হলফনামা দিয়ে আদালতকে জানাতে। বিচারপতি বলেন, এক সপ্তাহের মধ্যেই ওই হলফনামা দিতে হবে। রাজ্যের রিপোর্টে কোথায় কোথায় আপত্তি রয়েছে, তা তাঁরা হলফনামায় উল্লেখ করবেন।
এর আগে একাধিকবার রাজ্যের তৈরি সিটের ওপর অনাস্থা এনেছে আনিস খানের পরিবার। রাজ্য পুলিশের হাতে তাঁদের ছেলের মৃত্যু হয়েছে। সেই রাজ্য পুলিশ কীভাবে তদন্ত করবে? প্রশ্ন তোলেন আনিস খানের বাবা সালেম খান। সিবিআই তদন্তের দাবীতে সরব হয়েছিলেন তাঁরা। এদিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও আনিসকাণ্ডের তদন্তভার অন্য সংস্থার হাতে তুলে দেওয়ার পক্ষে বলেছেন।
৪০ পার করছে তাপমাত্রা, রোদে বেরোলে হিট ক্র্যাম্প বা র্যাশ হতে পারে, জানাল হাওয়া অফিস