
শেষ আপডেট: 9 July 2023 13:19
দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার আমতার ছাতনেতা আনিস (Anis Khan) খানের মৃত্যু রহস্যের কিনারা হয়নি এখনও। তার মধ্যেই পঞ্চায়েত নির্বাচনে (WB panchayat election) সিপিএমের হয়ে প্রার্থী হয়েছিলেন আনিসের মেজদা সামসুদ্দিন খান। কিন্তু তারপর থেকেই তিনি ও তাঁর পরিবার লাগাতার হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ। হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, ভোট মিটলেই সপরিবারে শেষ করে দেওয়া হবে। তারপর শনিবার ভোট মেটার পরেই রবিবার আনিসের বাড়ি সংলগ্ন তাঁর আত্মীয়দের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
সূত্রের খবর, রবিবার সকাল থেকেই নাকি আনিসের বাড়ি লাগোয়া তাঁর আত্মীয়দের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। আনিসের দাদার অভিযোগ, রবিবার সকাল থেকে তৃণমূল আশ্রিত গুন্ডারা সদলবলে এসে এলাকার ১০-১২টি বাড়িতে ভাঙচুর চালায়। তাঁদের এক আত্মীয়কে বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ।
সামসুদ্দিনের দাবি, তাঁদের হুমকি দেওয়া হয়েছে, হাসপাতালে গেলে ফল আরও খারাপ হবে। ঘটনার পর থেকেই আক্রান্ত বাড়িগুলির লোকজন প্রাণভয়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। আনিসের বাবা সালেম খান জানিয়েছেন, এই ঘটনায় তিনি অত্যন্ত আতঙ্কে রয়েছেন। ভোটের আগেই তিনি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। যে রাজ্য পুলিশের বিরুদ্ধে তাঁর ছেলেকে খুন করার অভিযোগ উঠেছিল সেই পুলিশের উপর ভরসা রাখতে পারেননি তিনি।
নিরাপত্তার দাবিতে মহকুমা শাসকের কাছেও দরবার করেছিলেন সালেম এবং সামসুদ্দিন। তবে তাতে বিশেষ লাভ হয়নি। উল্টে ভোট মিটতেই এবার তাঁদের উপর আরও বড় হামলা চালানো হবে বলে আশঙ্কায় রয়েছেন আনিসের পুরো পরিবার।
সিমলা, কুলু, মানালি- বাঙালির ভালবাসার হিমাচল ভেসে যাচ্ছে! দেখুন ভিডিও