
শেষ আপডেট: 31 July 2023 15:09
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: পণ্য পরিবহণে (Product Service) গতি আনতে এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্য। পশ্চিম বর্ধমানের অন্ডালে (Andal) কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে সোমবার উদ্বোধন হল কার্গো টার্মিনালের। উদ্বোধন করলেন রাজ্যের শিল্প বাণিজ্য ও উদ্যোগ বিভাগের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja, Minister of Industry, Trade and Enterprise Department)। আকাশপথে অতি সহজেই পণ্য পরিবহণের লক্ষ্যে এমন তৎপরতা বলে জানিয়েছেন মন্ত্রী।
বিমানবন্দর কতৃর্পক্ষের দাবি, এর ফলে অন্ডাল থেকে খুব সহজে দেশের বিভিন্ন প্রান্তে দ্রুততার সাথে কাঁচা শাকসবজি, মাছ আমদানি এবং রফতানি করা যাবে। অন্যদিকে খুচরো জিনিসপত্র ঔষধ দ্রুত আমদানি এবং রফতানিও সম্ভব হবে। বর্তমানে স্পাইসজেট এবং ইন্ডিগো বিমানের মাধ্যমে পণ্য পরিবহণ হবে। কার্গো বিমানবন্দর কর্তৃপক্ষ আশাবাদী বছরে ২৫ হাজার মেট্রিকনের উপর পণ্য পরিবহন করা সম্ভব হবে।
রাজ্যের শিল্প বাণিজ্য ও উদ্যোগ বিভাগের মন্ত্রী শশী পাঁজা বলেন, কাজী নজরুল ইসলাম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করারও পরিকল্পনা নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই ধাপ হিসেবে কার্গো টার্মিনালটি অত্যাধুনিক মানের করা হয়েছে। এর ফলে দমদম এবং বাগডোগরা বিমাবন্দরের চাপ কমবে। একই সঙ্গে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের পাশাপাশি পার্শ্ববর্তী ঝাড়খন্ড এবং বিহারের বিস্তীর্ণ এলাকার ব্যবসায়ীরাও উপকৃত হবেন। বস্তুত, এতদিন সড়ক বা রেলপথেই শাক সবজি ও মাছ, আন্তঃরাজ্যের মধ্যে আমদানি রফতানি করা হত।
অন্যদিকে বিমান পরিষেবা সংক্রান্ত বিষয়ে বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরীর এক প্রশ্নের উত্তরে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে ২৬টি হেলিকপ্টার ল্যান্ডিং স্টেশন করা হচ্ছে। বাকিটা কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অধীনে রয়েছে। তাঁরা দ্রুত পদক্ষেপ করলে মালদহ, পুরুলিয়াতেও চালু হবে বিমানবন্দর।
আরও পড়ুন: সাত মাসের শিশুর পেট থেকে বেরোল দু'কেজির ভ্রূণ! অবিশ্বাস্য ঘটনা প্রয়াগরাজে