শিল্প সম্মেলন নিয়ে ২৫ দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে অমিত, ডাক পাননি শিল্পমন্ত্রী পার্থ
দ্য ওয়াল ব্যুরোঃ শিল্পের মেগা সম্মেলন বেঙ্গল গ্লোবার বিজনেস সামিট (বিজিবিএস) সফল করতে কোমর বেঁধে নেমে পড়ল নবান্ন। শুক্রবার নবান্নে ২৫টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বিজিবিএস নিয়ে বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ভার্চুয়াল মাধ্
শেষ আপডেট: 10 December 2021 16:08
দ্য ওয়াল ব্যুরোঃ শিল্পের মেগা সম্মেলন বেঙ্গল গ্লোবার বিজনেস সামিট (বিজিবিএস) সফল করতে কোমর বেঁধে নেমে পড়ল নবান্ন। শুক্রবার নবান্নে ২৫টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বিজিবিএস নিয়ে বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী, বর্তমানে মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। রাজ্যের কোন কোন জায়গায় বিনিয়োগের সম্ভাবনা রয়েছে সেই সমস্ত দিক মুখ্যসচিব তুলে ধরেন বিদেশি কূটনীতিকদের সামনে।
নবান্ন সূত্রের খবর, সব দেশই এপ্রিলের শিল্প সম্মেলনে অংশ নিতে প্রাথমিক ইচ্ছার কথা জানিয়েছে। রাজ্যের শিল্প সংক্রান্ত নীতিগুলি বিস্তারিত এদিনের বৈঠকে বিদেশি প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয়। বৈঠকে উপস্থিত দেশগুলির মধ্যে অন্যতম হল আমেরিকা, ব্রিটেন, জার্মানি, নেদারল্যান্ড।
বিজিবিএস অনুষ্ঠিত হবে আগামী বছরের ২০ ও ২১ এপ্রিল। মুখ্যমন্ত্রীর তরফে অমিতবাবু ২৫ দেশের প্রতিনিধিকে সম্মেলনে যোগদান করার আহ্বান জানান।
তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পর পরই শিল্পায়ন নিয়ে নতুন করে তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে তাঁর মুম্বই সফরের অন্যতম কর্মসূচি ছিল সেখানকার বিনিয়োগকারীদের সামনে রাজ্যের শিল্প সম্ভাবনার বিপণন। সূত্রের খবর, একই লক্ষ্যে আরও কয়েকটি রাজ্যে যেতে পারেন মুখ্যমন্ত্রী এবং অফিসারেরা।
[caption id="attachment_2409829" align="aligncenter" width="788"]

শিল্প সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত মিত্র। ফাইল চিত্র।[/caption]
মুম্বইয়ে বিনিয়োগকারী সম্মেলনের মতো এদিন বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকেও ডাকা হয়নি শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। জানা গিয়েছে, বিজিবিএসের প্রস্তুতি সংক্রান্ত কমিটিতেও নেই শিল্পমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর গোড়ায় পার্থবাবুই ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী। পরে তাঁকে শিক্ষা দফতরের ভার দেওয়া হয়। এবার বিধানসভা ভোটের পর নতুন মন্ত্রিসভায় ফের আগের শিল্প-বাণিজ্য দফতরের ভার তাঁকে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু দেখা গেল, বিজিবিএস-এর প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে তাঁকে ডাকা হচ্ছে না। সেই জায়গায় আগের শিল্পমন্ত্রী তথা বর্তমানে মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র উপস্থিত ছিলেন শুক্রবারের বৈঠকে।
মুখ্যসচিব এদিন বৈঠকে শিল্পের পরিকাঠামোর সুযোগ সুবিধাগুলি তুলে ধরার পাশাপাশি নিয়মকানুন সরলীকরণের দিকটিও জানান। রাজ্য সরকার শিল্পের অনুমতি প্রদানের নিয়মকানুন অনেক সহজ করে দিয়েছে। মুখ্যসচিব রাজ্যের হাতে থাকা জমির বিষয়েও অবগত করেন বিদেশি প্রতিনিধিদের।