দ্য ওয়াল ব্যুরো: পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধিতে যখন নাভিশ্বাস উঠছে আমজনতার, তখন একে হাতিয়ার করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। শুধু পশ্চিমবঙ্গেই নয়, মূল্যবৃদ্ধির প্রতিবাদ জাতীয় স্তরেও নিয়ে যাচ্ছে রাজ্যের শাসকদল। আজ সংসদের বাদল অধিবেশনে এই জ্বালানির অস্বাভাবিক দামের প্রতিবাদে সাইকেল চালিয়ে উপস্থিত হয়েছেন তৃণমূল সাংসদরা। এবার একই অনুসঙ্গে মুখ খুললেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রও।
এদিন টুইটে অমিত মিত্র লিখেছেন, ভারত সরকারের এই নীতি চমকে দেওয়ার মতো। ২০২০-২১ সালে কেন্দ্রের মোদী সরকার তেল এবং পেট্রোপণ্য থেকে ৩.৭ লক্ষ কোটি টাকা আদায় করেছে। সাধারণ মানুষকে একেবারে পথে বসিয়ে মাত্র ২ মাসের মধ্যে পেট্রোল আর ডিজেলের দাম বেড়েছে ৩৬ বার। গত ১৪ মাসে রান্নার গ্যাসের দাম ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে গরীব মানুষের ভর্তুকিও কেটে নেওয়া হয়েছে। এটা সত্যিই অমানবিক।'
https://twitter.com/DrAmitMitra/status/1417009217135812610?s=20
আজ পার্লামেন্টের বাদল অধিবেশন শুরু হয়েছে। অর্থমন্ত্রী যখন কড়া ভাষায় কেন্দ্র সরকারের নীতির সমালোচনা করছেন, তখন সাইকেলে চেপে সংসদ ভবনে গিয়েছেন রাজ্যের তৃণমূল সাংসদরা। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সাইকেল তৈরিই রাখা হয়েছিল। মোদী সরকারের সময়ে যে ভাবে পেট্রল ডিজেলের দাম বেড়েছে তার প্রতিবাদেই আমরা সাইকেলে প্যাডেল করে অধিবেশনে গিয়েছি।
অমিত মিত্র এর আগেও একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন নানা ইস্যুতে। তবে তৃণমূল যখন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে একতরফা আঙুল তুলছে কেন্দ্রের দিকে, তখন রাজ্য সরকারকেও কর মকুবের কথা মনে করিয়ে দিচ্ছেন অনেকেই। আজ অর্থমন্ত্রীর এই টুইট দেখে অনেকেই মনে করছেন মানুষের মধ্যে এ নিয়ে প্রত্যাশা তৈরি হতে পারে। পেট্রোপণ্যের উপর রাজ্য সরকারের কর কি আগামী দিনে মকুব করা হবে? তার ইঙ্গিতই কি এদিন দিলেন অমিত মিত্র? পর্যবেক্ষক মহলে এই সমস্ত প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে।