
শেষ আপডেট: 9 August 2023 14:50
দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya) দেখতে কলকাতায় এলেন ভুটানের রাজা জিগমে ওয়াংচুকের দূত (Ambassador of the King of Bhutan) দাশো শেরিং ওয়াংদা। গত ২৯ জুলাই থেকে উডল্যান্ডসে ভর্তি ছিলেন বুদ্ধবাবু। এদিন সকালে তাঁকে ছুটি দিয়েছেন চিকিৎসকেরা। হাসপাতালে থেকে বুদ্ধবাবুর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে যান ভুটানের রাজার দূত।
তিনি আরও বলেন, “বুদ্ধদেব ভট্টাচার্য শুধুমাত্র ভুটানের বন্ধুই নন, তিনি ভুটানের রাজ পরিবারেরও খুব পছন্দের মানুষ। আমি এখানে এসে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে এবং তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে কথা বলে খুশি।”
আজ বুধবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। মীরাদেবী জানিয়েছেন, বাড়িতেই কড়া নজরদারিতে রাখা হবে তাঁকে। গতকালই সব ব্যবস্থা, চিকিৎসার সেট আপ করে দিয়ে গেছে হোম কেয়ার টিম। হাসপাতাল সূত্রে খবর, বাড়িতেও বুদ্ধবাবুকে (Buddhadeb Bhattacharya) বাইপ্যাপ ও রাইলস টিউব পরানো থাকবে। নতুন বাইপ্যাপ কেনা হয়েছে। একটি কার্ডিয়াক মনিটর রাখা হয়েছে যাতে বুদ্ধবাবুর হার্টরেট, রক্তচাপ, অক্সিজেন স্যাচুরেশন মাত্রা দেখা যাবে।
ফুসফুসে সংক্রমণ ছিল বুদ্ধবাবুর (Buddhadeb Bhattacharya)। তাই বাড়ি ফিরে যাওয়ার পরেও সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখতে হবে তাঁকে। হাসপাতাল থেকে জানানো হয়েছে, ফুসফুসে ব্যাকটেরিয়ার সংক্রমণ নির্মূল হয়েছে। তবে যাতে ফের সংক্রমণ বাসা বাঁধতে না পারে সেজন্য বুদ্ধবাবুর (Buddhadeb Bhattacharya) বাড়ি আগে জীবাণুমুক্ত করতে হবে। বাইরের কেউ যাতে বাড়িতে না ঢোকেন সে দিকটা জোর দিয়ে দেখা হবে। ২৪ ঘণ্টা বুদ্ধবাবুকে দেখাশোনার জন্য একজন নার্স থাকবেন।
চিকিৎসকরা জানিয়েছেন, ‘চেস্ট ফিজিওথেরাপি’ যেমন চলছে তেমনই চলবে। ফুসফুসের কর্মক্ষমতা বাড়াতে রিহ্যাবিলিটেশনও করা হবে। বুদ্ধবাবু পুরোপুরি সেরে না ওঠা অবধি তাঁর বাড়িতে সর্বক্ষণ থাকবে হোম কেয়ার টিম। বাড়ি জীবাণুমুক্ত করার ব্যবস্থাও হয়েছে।
আরও পড়ুন: বুদ্ধদেববাবু হাসপাতাল থেকে ছাড়া পেলেন, ‘ফিট’ আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, স্ত্রীর সঙ্গে বাড়ি ফিরলেন