
শেষ আপডেট: 8 August 2023 14:24
দ্য ওয়াল ব্যুরো: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amratya Sen) বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে উচ্ছেদের নোটিসে ধরিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva Bharati)। মামলা গড়িয়েছিল আদালতে। ওই মামলাতেই এবার স্থগিতাদেশ জারি করল সিউড়ি জেলা আদালত।
অর্থাৎ আদালতের পরবর্তী শুনানির আগে এই বিষয়ে কোনও পদক্ষেপ করতে পারবে না বিশ্বভারতী। যদিও আদালতের নির্দেশের বিষয়ে এদিন বিশ্বভারতী কর্তৃপক্ষ বা অমর্ত্যবাবুর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জায়গা দখল রেখেছেন অমর্ত্য সেন, এই অভিযোগ এনে চলতি বছরের ২৪ জানুয়ারি নোবেলজয়ী অর্থনীতিবিদের প্রতীচী'র ঠিকানায় চিঠি পাঠায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। দ্রুত জমি হস্তান্তরের দাবিও জানায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। পাল্টা হিসেবে বিশ্বভারতীর জয়েন্ট রেজিস্ট্রারকে লেখা চিঠিতে অমর্ত্যবাবু দাবি করেন, “উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে আমি ওই জমি পেয়েছে। এটা আমারই প্রাপ্য। এ নিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই।”
বিদেশে থাকার কারণে সেই সময় বিশ্বভারতীর ডাকা শুনানিতেও হাজির থাকেননি অমর্ত্যবাবু। এরপরই জবরদখলের অভিযোগে সংশ্লিষ্ট ১৩ ডেসিমেল জমি উচ্ছেদের নোটিস রুজু করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আদালতে গড়িয়েছিল মামলা। ওই মামলাতেই এদিন সিউড়ি আদালতের তরফে বিশ্বভারতীকে জমি জবর দখলের অভিযোগ সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: অপহৃত প্রার্থীকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করুন, আইসি-কে নির্দেশ সার্কিট বেঞ্চের