
শেষ আপডেট: 8 May 2023 10:54
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: এটিএম (ATM) কিয়স্কে না ভরে প্রায় দেড়কোটি টাকা আত্মসাতের অভিযোগ (Alleged embezzlement of 1.5 crore rupees)। গ্রেফতার (arrested) করা হল তিনজনকে। তাদের কাছ থেকে ষাট লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। তবে মূল পান্ডা এখনও বেপাত্তা। ধৃত তিনজনকে সোমবার শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চন্দননগর কমিশনারেট এলাকার বিভিন্ন এটিএমএ টাকা ভরে যে এজেন্সি, তারা গত ৫ মে শ্রীরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। বেশ কিছুদিন ধরে এটিএম কিয়স্কগুলোতে যে পরিমাণ টাকা রিফিল করার কথা ছিল তা করা হয়নি বলে তাঁদের অভিযোগ। ২ মে বিষয়টি তাদের নজরে আসে। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। জানা যায়, এজেন্সির হয়ে ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে গিয়ে এটিএমে ভরার কাজ করত শ্রীরামপুরের এক যুবক। তার বিরুদ্ধেই প্রাথমিকভাবে অভিযোগ জানায় পুলিশ।
তদন্তে নেমে শ্রীরামপুর ও রিষড়া থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম সন্তু দত্ত, সঞ্জিত সরকার ও সঞ্জিত পাত্র। ধৃতদের কাছ থেকে ষাট লাখ টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। তিনি বলেন, “প্রায় দেড়কোটি টাকা চুরি হয় বলে অভিযোগ। তিনজনকে ধরা হলেও মূল অভিযুক্ত এখনও অধরা। তার খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের দশদিনের হেফাজতে চেয়ে আদালতে পেশ করা হয়।”
কসবার নার্সিংহোমের লিফট ছিঁড়ে পড়ল, ভিতরের ছিলেন চিকিৎসক দম্পতি