দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: দেড় মাসের ছেলে কাঁদছিল। বাড়ির কাজে ব্যস্ত থাকায়, ছেলেকে প্রতিবেশীর মহিলার কলে দিয়েছিলেন মা। এই সুযোগে দেড় মাসে সন্তানকে নিয়ে এলাকা ছেড়ে বেপাত্তা হয়ে গেলেন ওই প্রতিবেশী মহিলা। ক্যানিংয়ে শিশুচুরির অভিযোগ উঠল প্রতিবেশী মহিলার বিরুদ্ধে। এই ঘটনায় ক্যানিং ১ ব্লকের বাঁশড়া পঞ্চায়েত এলাকার পূর্ব পিয়ালী গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, পিয়ালীর বেগমপুর দুইশো কলোনি গ্রামের বাসিন্দা শুভ ব্যানার্জীর স্ত্রী সুনীতা দেড় মাস আগে এক শিশুপুত্রের জন্ম দেন। শুভ একটি মাশরুম ফার্মে কাজ করেন। কর্মস্থলে যাতাযাতের সুবিধার জন্য স্ত্রী ও দেড় মাসের ছেলেকে নিয়ে পূর্ব পিয়ালীতে একটি বাড়ি ভাড়া নেন।
তাঁদের পাশের বাড়িতে ভাড়া থাকেন পাপিয়া রাউত নামে এক মহিলা। তবে পাপিয়ার আসল বাড়ি হাসনাবাদের ভান্ডারখালি এলাকায়। গত আড়াই মাস আগে এই এলাকায় থাকতে শুরু করেন পাপিয়া। কলকাতায় পরিচারিকার কাজ করতে যেতেন বলে স্থানীয়রা জানিয়েছে।
তাঁদের অভিযোগ, সোমবার দুপুরে শুভ ও সুনীতা কাচা কাপড় পর উঠনে মেলছিলেন। সেই সময় দেড় মাসের সুদীপ কাঁদদে শুরু করে। পাপিয়ার সঙ্গে সম্পর্ক ভালোই ছিল ওই দম্পতির। তাই দেড় মাসের ছেলে চুপ করাতে পাপিয়ার কোলে দিয়ে দেন। এরপর বাড়ির অন্যান্য কাজ ব্যস্ত হয়ে পড়েন তাঁরা। এরপরেই ঘটে বিপত্তি। সমস্ত কিছু কাজ সেরে ঘরে ঢুকে দম্পতি দেখেন, ছেলে বা পাপিয়া কেউ নেই। তাই, পাশে পাপিয়ার বাড়িতে খুঁজতে যান ছেলেকে। কিন্তু সেখানেও তাদের খোঁজ মেলেনি।
চতুর্দিকে খোঁজ করার পর অবশেষে পাপিয়ার বিরুদ্ধে শিশুচুরির অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। ঘুটিয়ারি শরীফ পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ওই মহিলা ও শিশুর খোঁজ পেতে পুলিশ এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে। একই সঙ্গে পাপিয়ার খোঁজে হাসনাবাদ পুলিশের সঙ্গেও যোগাযোগ করেছে থানা। এদিকে দেড় মাসের সন্তানকে হারিয়ে উৎকণ্ঠায় রয়েছেন দম্পতি। মানসিকভাবে ভেঙে পড়েছেন শিশুটির মা।