
শেষ আপডেট: 28 January 2024 11:06
দ্য ওয়াল ব্যুরো: ধূপগুড়ির পর জলপাইগুড়ি। ২৪ ঘণ্টার ব্যবধানে ফের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠল। রাতের অন্ধকারে কে বা কারা এই কাজ করেছেন বলে অভিযোগ। যার জেরে রবিবার সকাল থেকে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে জলপাইগুড়ির পিডব্লউডি মোড় এলাকায়।
রবিবার দুপুর ২টো নাগাদ জলপাইগুড়ির পিডব্লউডি মোড় থেকে পদযাত্রা শুরু করবেন রাহুল। গত ২৫ জানুয়ারি হাসিমারা হয়ে বাংলায় ঢুকেছিল রাহুলের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। দু'দিনের বিরতির পর রবিবার থেকে ফের শুরু হচ্ছে সেই কর্মসূচি। আর কিছুক্ষণ পরেই রাহুলের জলপাইগুড়িতে পৌঁছনোর কথা। তার আগে ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
পরিস্থিতির জন্য শাসকদল তৃণমূলকেই দায়ী করেছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্যআইচ রায়। তাঁর অভিযোগ, "এই ঘটনার নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে। অসমে বিজেপি যেরকম অসভ্যতা করেছিল, বাংলাতেও তৃণমূল সেই রকম আচরণ করছে।"
শনিবার ধূপগুড়ি স্টেশন চত্বরেও রাহুলের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠেছিল। ঘটনার প্রতিবাদে রাতে ধুপগুড়ি থানাতে বিক্ষোভ দেখায় কংগ্রেস। যদিও শাসকদলের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে তাঁদের দলের কেউ জড়িত নয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
জানা যাচ্ছে, এদিন দুপুরে জলপাইগুড়ি শহরে ১.৪ কিমি পদযাত্রা করবেন রাহুল। এরপর জাতীয় সড়ক ধরে বাসে করে শিলিগুড়িতে পৌঁছবেন রাহুল। সন্ধেয় এয়ারভিউ মোড়ে তাঁর সভা করার কথা রয়েছে। যদিও ওই সভার বিষয়ে এখনও পুলিশের অনুমতি মেলেনি।