
শেষ আপডেট: 31 August 2023 08:48
দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক যেন পিছু ছাড়ছে না। বিশ্বভারতীর (Visva Bharati University) এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দফতরে চিঠি দিয়েছেন চার ছাত্রী। এই অভিযোগ আজকের নয়। এর আগেও ওই অধ্যাপকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ তুলে অনশন বিক্ষোভ শুরু করেছিলেন ওই চার ছাত্রী। তাঁদের দাবি, বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলেও লাভ হয়নি। অবস্থান-বিক্ষোভের পরেও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই নিরুপায় হয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির দফতরে চিঠি দিয়ে অভিযোগ করেছেন তাঁরা।
বিশ্বভারতী (Visva Bharati University) কর্তৃপক্ষের কাছে প্রথমবার ওই অভিযোগ জানানো হয় ২০২১ সালের মার্চ মাসে। গত জুলাই মাসে বিশ্বভারতীতে অবস্থান-বিক্ষোভে বসেছিলেন ওই চারজন ছাত্রী। তাঁরা জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে বহু বার তাঁরা বিভাগীয় প্রধান থেকে শুরু করে অধ্যক্ষ কর্মসচিব এবং উপাচার্যকে জানিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ কোনওরকম ব্যবস্থা নেয়নি। এমনকী অতি সম্প্রতি অনশন আন্দোলনও করেছেন তাঁরা। পড়ুয়াদের দাবি, অধ্যাপকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না হওয়ায় আতঙ্কে রয়েছেন তাঁরা। ব্যক্তিগত জীবনে বা কেরিয়ারে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দফতরের পাশাপাশি ইমেল মারফত চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, নারী ও শিশুকল্যাণ মন্ত্রককেও। এছাড়াও চিঠি দেওয়া হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় ওবিসি কমিশন, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনকেও।
বিক্ষোভকারী এক ছাত্রীর কথায়, “অবস্থান-অনশন করার পরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। আমরা আতঙ্কে আছি। তাই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে চিঠি দিয়ে অভিযোগ করেছি আমরা। রাষ্ট্রপতির দফতরেও চিঠি পাঠানো হয়েছে।”
আরও পড়ুন: বিএসএফের নজর এড়িয়ে দিব্যি কাঁটাতার পেরোচ্ছেন বাংলাদেশের মেয়েরা, দালালদের হাতেই চাবি