দ্য ওয়াল ব্যুরো : গত ৮ জুলাই কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রদীপ্ত গঙ্গোপাধ্যায় তাঁর ছেলে পর্ণশুভ্রকে ভর্তি করেন মুকুন্দপুরের আমরি হাসপাতালে। বছর সাতেকের ছেলে পর্ণশুভ্র শ্বাসকষ্টে ভুগছিল। ভর্তির দিনই তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তার নানা পরীক্ষা করা হয়। কিন্তু সেই বালককে বাঁচানো যায়নি। ১২ জুলাই সে মারা যায়।
প্রদীপ্তবাবু অভিযোগ করেন, হাসপাতালের কাছে ছেলের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র বারবার চেয়েও পাননি। ১৬ সেপ্টেম্বর তিনি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটারি কমিশনে অভিযোগ করেন। তাঁর দাবি, হাসপাতালের গাফিলতিতেই পর্ণশুভ্রের মৃত্যু হয়েছে। হাসপাতালের এক্স রে রিপোর্টেই রয়েছে, রাইলস টিউব ভুলভাবে লাগানো হয়েছে। প্রদীপ্তবাবুর মতে, তা থেকেই বোঝা যায়, চিকিৎসায় গাফিলতি হয়েছিল।