
শেষ আপডেট: 9 August 2023 13:29
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: মিলেমিশে বোর্ড গঠন করল তৃণমূল বিজেপি সিপিএম ও কংগ্রেস (All parties jointly formed board in Malda)। চার দলের সদস্যদের সমর্থনের তৃণমূলের সদস্য পঞ্চায়েতের প্রধান হলেন। উপপ্রধান হলেন বিজেপির সদস্য। চাঞ্চল্যকর এই ঘটনা রতুয়া ২ নম্বর ব্লকের আরাইডাঙা গ্রাম পঞ্চায়েতে।
২৩ আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল জয়ী হয়েছিল ৯টি আসনে। অন্যদিকে বিজেপি পেয়েছিল ৫ টি আসন। সিপিআইএম ৪ টি আসন ও কংগ্রেস ৫ টি আসনে জয়ী হয়। এমন ফলাফলের পর এই পঞ্চায়েত কার দখলে যাবে সে নিয়ে ছিল ঘোর সংশয়। সমস্ত রাজনৈতিক দলের তৎপরতাই ছিল চোখে পড়ার মতো।
১২ জন সদস্যের সমর্থনে প্রধান হন তৃণমূল সদস্য মহিতুন খাতুন বিবি ও উপপ্রধান হন বিজেপির সদস্য ববিতা ঝা। তাঁদের সমর্থন করেন বিজেপির পাঁচজন সদস্য, সিপিএমের চারজন সদস্য, তৃণমূলের দুইজন ও কংগ্রেসের একজন সদস্য। সংখ্যাগরিষ্ঠতার নিরিখেই পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান নির্বাচিত হন।
বোর্ড গঠন নিয়ে গোটা রাজ্যেই শুরু হয়েছে অশান্তি। মারপিট, ভাঙচুর, অগ্নিসংযোগ- বাদ যাচ্ছে না কিছুই। রতুয়ার আড়াইডাঙা গ্রাম পঞ্চায়েত অন্যরকম নজির রাখল বলেই মনে করছেন এই পঞ্চায়েতের সদস্যরা।
আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, পরিচারিকাকে গর্ভবতী করলেন ৮১-র বৃদ্ধ