
শেষ আপডেট: 11 September 2023 15:29
দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: প্রথমবারের মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছিলেন। দ্বিতীয়বার পরীক্ষা দিলেও পাশ করবেন না বলেই ধরে নিয়েছিলেন। তাই ভয়ে বাড়ি থেকে পালিয়ে গেছিলেন আলিপুরদুয়ারের যুবক (Alipurduar Man Home Return) পঙ্কজ দেবনাথ। ২৩ বছর পর ঘরের ছেলে ঘরে ফিরলেন। ছেলেকে কাছে পেয়ে আবেগে চোখের জল বাঁধ মানছে না পঙ্কজের মায়ের।
পঙ্কজ জানান, বাড়ির রাস্তা মনে ছিল। কিন্তু আলিপুরদুয়ারের পৌঁছে সব যেন বদলে গিয়েছে মনে হচ্ছিল। তবে আমার প্রাথমিক স্কুলের কথা মনে ছিল। টোটো ধরে প্রথমে সেখানেই গেছিলাম। সেখানেই একজন পরিচিতর সঙ্গে দেখা হয়ে যায়। বাড়ির কথা জিজ্ঞেস করলে দাদার নম্বর দেন। এরপর বাড়ির সঙ্গে যোগাযোগ হয়। প্রথমে তাঁরা বিশ্বাসই করতে পাচ্ছিলেন না। পরে দাদা এসে সেখান থেকে নিয়ে যায়।
পঙ্কজের দাদা জানিয়েছেন, প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। তার পর ভাইকে দেখতে ওই এলাকায় ছুটে যাই। প্রথমে ওকে চিনতেই পারিনি। তবে ও আমাকে ঠিক চিনে নেয়।
ছেলেকে এতদিন পর পেয়ে দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না বৃদ্ধ বাবা-মা। তাঁরা যেন বিশ্বাসই করতে পারছেন না এতদিন পর ছেলে ফিরে এসেছে। পঙ্কজের বাবা পরিতোষ দেবনাথ জানান, 'মনে হচ্ছে ভগবান যেন মুখ তুলে চেয়েছেন। আমাদের বকাঝোকার ভয়েই ছেলে বাড়ি ছেড়েছিল। এত দিন পর ছেলে বাড়ি ফিরে আসায় আমরা খুবই আনন্দিত। এবার থেকে ও এখানেই থাকবে।'
আরও পড়ুন: বহরমপুরে চোর সন্দেহে হাত, পা বেঁধে চোখে লঙ্কার গুঁড়ো ও নুন ছিটিয়ে দেওয়ার অভিযোগ