
শেষ আপডেট: 28 June 2022 14:21
দ্য ওয়াল ব্যুরো: ক্লাস এইট পাস সে। পুঁথিগত বিদ্যা খুব একটা নেই বললেই চলে। এরপরেও একাধিক আন্তর্জাতিক বিনোদন চ্যানেলের অ্যাপ হ্যাক করতে শিখে গিয়েছিল সুদীপ সূত্রধর নামের এক যুবক। এহেন বেআইনি কাজকারবার চালানোর অপরাধে আলিপুরদুয়ারের কুমারগ্রাম থানার বারোবিশা এলাকা থেকে তাঁকে গ্রেফতার (Alipurduar man arrested) করেছে পুলিশ।
সাইবার ক্রাইমে দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে সোমবার গভীর রাতে হানা দিয়ে আলিপুর জেলার অসম-বাংলা সীমানা লাগোয়া সেলটেক্স এলাকা থেকে সুদীপ সূত্রধর নামেই সেই ব্যক্তিকে গ্রেফতার (Alipurduar man arrested) করা হয়।
আরও পড়ুন: ট্রেনের মধ্যেই তরুণীর শ্লীলতাহানি করল জওয়ান! রাতের কালকা মেলে বড় অভিযোগ
জানা গেছে, মাত্র ২৫ টাকা সাবস্ক্রিপশনের ভিত্তিতে গ্রাহকদের সমস্ত দেশি-বিদেশি চ্যানেল দেখাচ্ছিল সে। একটি বিনোদন চ্যানেল কোম্পানির আধিকারিকের দাবি, প্রায় ২ মাস ধরে তাঁদের একাধিক চ্যানেল হ্যাকিং সংক্রান্ত বিষয়ে তদন্ত চালানোর পর ওই যুবকের খোঁজ মেলে।
তদন্তে নেমে পুলিশ যখন জানতে পারে যে, ওই যুবক মাত্র ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছে এবং তাতেই রপ্ত করে ফেলেছে সাইবার জালিয়াতি, তখন চোখ কপালে ওঠে তদন্তকারী আধিকারিকদের।
সোমবার রাতে ওই বিনোদন চ্যানেলের পক্ষ থেকে কুমারগ্রাম থানায় লিখিত অভিযোগ জমা পড়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সাইবার অপরাধের অভিযোগে সুদীপ সূত্রধরকে গ্রেফতার করে। অভিযুক্ত যুবককে মঙ্গলবার আলিপুরদুয়ার আদালতে পেশ করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ।