
শেষ আপডেট: 31 July 2022 05:05
দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: সন্ধে নামতেই আলিপুরদুয়ারের (Alipurduar) ফালাকাটা (Falakata) শহরের বড় রাস্তা, এমনকি অলিগলিগুলিতেও সাইকেলে চড়ে ঘুরতে দেখা যাচ্ছে একজনকে। রাস্তায় টহল দিয়ে সাধারণ মানুষের সুরক্ষা খতিয়ে দেখছেন। তিনি স্থানীয় থানার আইসি (IC) শমিত তালুকদার। খাকি উর্দি নয়, একেবারে সাদা পোশাকে, কোনও রক্ষী ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন এই পুলিশ অফিসার।
সাধারণ মানুষও থানার আইসির সাইকেল অভিযানে বেজায় খুশি। কারণ, বাসিন্দারা দেখতে পাচ্ছেন আইসির সাইকেল নিয়ে শহরের রাস্তায় টহল দেওয়ার জন্য এলাকায় মদ, গাঁজা ও জুয়ার ঠেকগুলি রাতারাতি উধাও হয়ে গিয়েছে। এমনকি রাত বাড়লে শহরের রাস্তায় মাতালদের দৌরাত্ম্যও সেভাবে চোখে পড়ছে না। কারণ, সন্ধের পর আইসির এই রোজের সাইকেল অভিযানে বেশ কিছু মদ্যপ ব্যক্তি পুলিশের হাতে ধরা পড়েছে।
এমআরআই মেশিনে দু’ঘণ্টা আটকে থাকলেন রোগী! হাওড়ার নার্সিংহোমে বড় বিপত্তি
ফালাকাটা পুরসভার অস্থায়ী কর্মী সুনীল রায় বলেন, নতুন আইসিকে প্রতিদিন সন্ধ্যার পর শহরের রাস্তায় সাইকেল চালাতে দেখছি। তাতে শহরের বাসিন্দা হিসেবে আমি বেশ খুশি হয়েছি। কারণ আইসি সাইকেল চড়ে শহরের রাস্তায় টহল দেওয়ার জন্য এলাকায় মদ্যপদের দৌরাত্ম্য আর চোখে পড়ছে না। জুয়া-শাট্টার ঠেকগুলিও বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষের সুরক্ষা আগের থেকে বেড়েছে।
রোজ এভাবে সাইকেল চেপে টহল দিচ্ছেন কেন জানতে চাওয়ায় আইসি বলেন, গাড়িতে তো সব সময় সব জায়গায় ঘোরা যায় না। সাইকেল নিয়ে যেখানে সেখানে যখন তখন যাওয়া যায়। এর ফলে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলা যায়। পুলিশকে নিজেদের কাছে পেলে মানুষজনও তাঁদের ওপরে বিশ্বাস করবে অনেকটা।