
শেষ আপডেট: 17 December 2022 07:37
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)। এবার এসএসসি গ্রুপ সি নিয়োগ মামলায় (SSC Group C) সিবিআই হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত।
প্রসঙ্গত, এর আগে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতে ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। শনিবার গ্রুপ সি মামলায় নিজেদের হেফাজতে চেয়ে আলিপুরের বিশেষ আদালতে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আবেদন মতোই পাঁচদিন সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
এদিকে গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসএসসি নিয়োগ মামলায় জামিনের আবেদন করেছিলেন সুবিরেশ। দীর্ঘ সওয়াল জবাবের পর এই বিষয় নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে রিপোর্ট চায় হাইকোর্ট। সিবিআই সেদিন আদালতে জানিয়েছিল, গ্রুপ সি মামলায় সুবীরেশকে হেফাজতে নিতে চেয়ে তাঁরা আলিপুর আদালতে পৃথক আবেদন করেছে। সেই মামলারই শুনানি ছিল আজ।
এদিকে শুক্রবার একটি অন্য মামলার শুনানিতে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি স্বতঃপ্রণোদিতভাবেই বলেন, ১২ ডিসেম্বর যদি নতুন মামলায় সুবীরেশকে গ্রেফতার করার জন্য সিবিআই আলিপুর জজ কোর্টে আবেদন করে থাকে তার শুনানির দিন ২২ ডিসেম্বর কেন হবে? ১০ দিন কেন সময় লাগবে? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে প্রশ্ন তোলেন, প্রেসিডেন্সি জেল থেকে আলিপুর আদালতের দূরত্ব কত? শুনানির দিন ধার্য হতে ১০ দিন কেন লাগবে?
বিলকিসের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, ধর্ষকদের মুক্তির সিদ্ধান্ত বহাল রইল শীর্ষ আদালতে