
শেষ আপডেট: 4 April 2022 12:48
দ্য ওয়াল ব্যুরো: আলিয়া কাণ্ডে (Aliah University) সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে মূল অভিযুক্ত গিয়াসুদ্দিন মণ্ডলকে। ভাইরাল ভিডিও ক্লিপিংয়ে তার নেতৃত্বে একদল ছাত্রকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলিকে গালিগালাজ করতে দেখা যায়। উপাচার্যকে ওই ছাত্ররা তুই-তোকারিও করে, যা শুনে স্তম্ভিত বাংলার শিক্ষা মহল। ছাত্র আন্দোলনের নামে উপাচার্যের সঙ্গে এমন ব্যবহার কেউ করতে পারে তা বিশ্বাস করতে পারছেন না অনেকেই। কিন্তু সবাই গিয়াসুদ্দিনকে কাঠগড়ায় তুললেও ছেলে ষড়যন্ত্রের শিকার বলে মনে করছেন গিয়াসুদ্দিনের বাবা মহতাব মণ্ডল। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বাড়িতে বসে তিনি প্রকৃত ঘটনা জানার জন্য গিয়াসুদ্দিনের মুখোমুখি উপাচার্যকে বসিয়ে জেরার দাবি জানান।
আরও পড়ুন: মমতা ব্যানার্জীর শাড়িতে কালি দিলে মমতা ব্যানার্জীও মোবিল ঢালতে জানে: মুখ্যমন্ত্রী
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে ঢুকে অভব্য আচরণের প্রতিবাদে আলিয়ার একদল ছাত্র সোমবার বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে সাংবাদিক বৈঠক করে অনশন আন্দোলনের ডাক দেন।
সোমবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আলিয়ার ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি স্পষ্ট জানান এই ঘটনার সঙ্গে শাসকদলের কোনও যোগ নেই।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, পিএইচডির তালিকা সহ নানান বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে অচলাবস্থা চলছে। বছরখানেক ধরে ছাত্ররা আন্দোলন করছেন। এই ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন আমতার মৃত ছাত্রনেতা আনিস খান। তবে উপাচার্যের ঘরে ঢুকে ছাত্রদের একাংশের গালিগালাজের ঘটনা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ধৃত গিয়াসুদ্দিন মণ্ডল একসময় তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন বলে জানা গিয়েছে। তবে শাসক দলের ছাত্র সংগঠনের দাবি তারা আগেই গিয়াসুদ্দিনকে বহিষ্কার করেছে। এদিকে বিরোধীদের অভিযোগ, সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী আলিয়ার ঘটনাকে খাটো করে দেখানোর চেষ্টা করেছেন।