
শেষ আপডেট: 16 November 2022 12:22
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফের শিরোনামের উঠে এল আলিয়া ইউনিভার্সিটির (Aliah University) ছাত্র অসন্তোষ। এবার সাধারণ ছাত্রদের উপর ব়্যাগিং(Ragging) চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র ইউনিয়নের একাংশের বিরুদ্ধে।
হেনস্থা হওয়া ছাত্রদের অভিযোগ, তৃণমূল ছাত্র ইউনিয়নের একাংশের সদস্যরা বিশ্ববিদ্যালয়ে এবং হোস্টেলে দাদাগিরি চালাচ্ছে। এই সমস্যা বহুদিন ধরে পোহাতে হচ্ছে সাধারণ ছাত্রদের। তাদের বিরুদ্ধে কিছু বলতে গেলেই হুমকি দেওয়া হচ্ছে। করা হচ্ছে মারধর।
মহম্মদ আসিফ ইকবাল বিশ্ববিদ্যালয়ের বি-টেক ইঞ্জিনিয়ারিংয়ে তৃতীয়বর্ষের ছাত্র। আলিয়ায় ভর্তি নিয়ে অস্বচ্ছতা ও ক্যাম্পাসে থাকা কিছু সমস্যার কথা ইউনিভার্সিটির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তুলে ধরে প্রতিবাদ জানিয়ে ছিলেন আসিফ। এরপরেই তিনি তৃণমূল ছাত্র ইউনিয়নের কয়েকজন সদস্যের রোষের মুখে পড়েন বলে অভিযোগ।
গ্রুপ ডি মামলায় সিবিআই তদন্তে অসন্তুষ্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়, বদলে দেওয়া হল দুই আধিকারিককে
আসিফের দাবি, প্রথমে তাঁকে ফোনের হুমকি দেওয়া হয়েছিল। এরপর গত ১৩ তারিখ রাতে প্রায় ২০-২৫ জন ছাত্র মিলে হোস্টেলে ঢুকে তাঁকে মারধর করে। সেই সময় হোস্টেলের লাইট নিভিয়ে দেওয়া হয়েছিল। অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করা হয়। এমনকী দেওয়া হয় প্রাণনাশের হুমকি। এই ঘটনার পর থেকে সাধারণ ছাত্ররা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আসিফ ও তাঁর বন্ধুদের আরও অভিযোগ, টেকনোসিটি থানা প্রথমে তাঁদের অভিযোগ নিতে অস্বীকার করেছিল। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত তাঁদের থানায় বসিয়ে রাখা হয়। পরে তাঁদের অভিযোগ নেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় এবং থানার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।