
শেষ আপডেট: 1 May 2022 18:21
দ্য ওয়াল ব্যুরো: মুম্বই থেকে রওনা দেওয়ার পর মাঝ আকাশে ঝড়ের কবলে পড়ল যাত্রীবোঝাই বিমান! অবস্থা এতই গুরুতর হয়, যে ঝড়়ের কারণে অণ্ডালে জরুরি অবতরণ করতে হয় বিমানটিকে। প্রবল ঝাঁকুনিতে বিমানের অন্তত ১৪ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনের আঘাত গুরুতর। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী ভাবে বিমানটি এয়ার টার্বুল্যান্সের (Air Turbulence) কবলে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, স্পাইসজেটের বোয়িং ৭৩৭ বিমানটি মুম্বই থেকে দুর্গাপুরে আসছিল। ৪টে ৫৭ মিনিটে রওনা দিয়ে সন্ধে ৭টা ২৫ মিনিট নাগাদ বিমানটির অণ্ডালে অবতরণের কথা ছিল। ১৮০ জন যাত্রী ছিলেন তাতে। আচমকা মাঝআকাশে প্রবল ঝড়ের মধ্যে পড়ে যায় বিমানটি। অণ্ডাল বিমানবন্দরের কাছেই ছিল তখন সেটি। কোনওরকমে গোঁত্তা খেয়ে সেটি ল্যান্ড করে। পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমানটিকে নিরাপদে নামিয়েছেন। ফলে এড়ানো গিয়েছে বড়সড় বিপদ।
কিন্তু তার আগেই আচমকা এত বড় ঝড়ের কবলে পড়ায় তীব্র ঝাঁকুনি তৈরি হয় বিমানে। তার ফলে যাত্রীরা প্রায় সকলেই কমবেশি জখম হন। কারও হাত ভেঙেছে, কারও মাথা ফেটেছে। বেশিরভাগ আহতরা সিটবেল্ট বাঁধা অবস্থায় ছিলেন না। আচমকাই ভেঙে পড়ে বিমানের সিটের উপরে থাকা লাগেজ রাখার জায়গা। তাতে গুরুতর আঘাত পান একজন।
এই অবস্থায় কোনও রকমে অণ্ডাল বিমানবন্দরে জরুরি অবতরণের পরেই আহত যাত্রীদের উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হয়। ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে এক মহিলা যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গতকাল, শনিবারও প্রায় একই রকম ভাবে ঝড়ের মুখে পড়ে দিল্লি থেকে কলকাতা আসার একটি বিমান। বাধ্য হয়ে পথ বদলে প্রায় চল্লিশ মিনিট আকাশে ঘুরপাক খেয়ে গুয়াহাটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। যাত্রীদের অবশ্য কোনও ক্ষতি হয়নি এই ঘটনায়।
সফর শেষে শান্তিনিকেতনে ক্রিস্টোবাল গ্যাবারন! যোগ দেবেন বিশ্বভারতীর বিশেষ অনুষ্ঠানে