
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল
শেষ আপডেট: 4 September 2024 16:08
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: এবার টিএমসিপির বিরুদ্ধে হুমকি ও তোলাবাজির অভিযোগে সরব হলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক-পড়ুয়ারা। ঘটনা ঘিরে বুধবার দুপুরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। একইসঙ্গে আরজি কর কাণ্ডে শিরোনামে আসা চিকিৎসক অভীক দে’র কলেজে ঢোকা নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছে৷
এদিন দুপুরে ডাক্তারি ছাত্ররা কলেজের অধ্যক্ষ এবং রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেবের অফিসে ঢুকে পড়েন। শুরু হয় বিক্ষোভ। ছাত্ররা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের টিএমসিপি ইউনিট ভেঙে দেওয়ার দাবি তোলেন। তাঁরা অভিযোগ করেন, টিএমসিপির সদস্য শাহিন সরকার এবং সোহম মণ্ডল নামে দুই হাউসস্টাফ রীতিমতো দাদাগিরি চালাচ্ছেন কলেজে। তাঁদের বহিষ্কার না করা হলে আন্দোলন আরও জোরদার করার বার্তা দিয়েছেন ডাক্তারি ছাত্ররা।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পড়ুয়াদের একাংশ বলেন, "এই কলেজের পড়ুয়াদের কেউ কেউ দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। প্রাণে মারার হুমকিও দিচ্ছে। কলেজের এক অধ্যাপকও এদের সঙ্গে যুক্ত রয়েছেন।" অবিলম্বে কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন ছাত্ররা।