দ্য ওয়াল ব্যুরো: বাঘের আতঙ্ক কাটছেই না গোসবার মানুষের। বাঘের পায়ের ছাপ দেখা দিল গোসবার চড়ঘেরি গ্রামে। রবিবার সকাল সকালই এই পায়ের ছাপ ঘিরে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এখনও ধরা পড়েনি দক্ষিণরায়।
গতকালই বাঘের আতঙ্ক গ্রাস করেছিল গোসাবাতে। কুমিরমারি গ্রামে রাতের বেলা দেখা দিয়েছিলেন দক্ষিণ রায়। তাঁর রেখে যাওয়া থাবা মানুষের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল। যদিও তাঁকে কাবু করতে বেশি বেগ পেতে হয়নি বনকর্মীদের।
তবে আবার নতুন করে এক বাঘের পায়ের ছাপ মেলায় ফের ফিরে এসেছে আতঙ্ক। রাত কাটতে না কাটতেই ফের গোসবায় দেখা দিল বাঘ মামা। যদিও এখনও পর্যন্ত তাঁকে কাবু করতে পারেননি বনকর্মীরা।
উল্লেখ্য, বছরের প্রথম দিনেই সুন্দরবনের একাধিক লোকালয়ে বাঘ বেরিয়ে এসেছে। কুলতলির মৈপিঠে বাঘের হানায় জখম হয়েছিলেন দুই মৎস্যজীবী। গোসাবাতেও এক ফরেস্ট গার্ড অফিসারের ঘাড়ে ঝাঁপিয়ে পড়েছে দক্ষিণরায়। কুমিরমারির বাঘকে ঘুম পাড়িয়ে আপাতত এলাকায় স্বস্তি ফেরানো গেলেও নতুন আতঙ্কে ঘুম উড়েছে সবার।