
শেষ আপডেট: 20 July 2023 14:51
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের আগে ইতিমধ্যে ২৬টি দলের বিরোধী জোট তৈরি হয়েছে। এই বিরোধী জোট গঠনের ক্ষেত্রে এবার অগ্রণী ভূমিকা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিকভাবে বিজেপিকে মোকাবিলা করার পাশাপাশি মানুষের আস্থা ধরে রাখার চেষ্টাতেও নামছে নবান্ন (TMC Government)। লোকসভা ভোটের (lok sabha election 2024) আগে ফের বাংলায় দুয়ারে সরকার ক্যাম্প করবে নবান্ন (Duyare Sarkar before Lok Sabha)। দু’দফায় হবে ওই ক্যাম্প। একবার সেপ্টেম্বর মাসে, আর একবার ডিসেম্বর মাসে।
বাংলায় সামাজিক সুরক্ষাকে ভিন্ন মাত্রা দিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী ইত্যাদি বিবিধ প্রকল্প চালাচ্ছে। সেই সব প্রকল্পের সুবিধা মানুষের দরজায় পৌঁছে দিতে দুয়ারে সরকার প্রকল্প শুরু করেছে তাঁর সরকার। এই ধরনের ক্যাম্পে গিয়ে কোনও প্রকল্পের উপভোক্তা হওয়ার জন্য যেমন আবেদন করা যায়, তেমনই পুরনো আবেদন বা শংসাপত্র সংশোধনও করা যায়।
খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতি শংসাপত্র, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও সংযুক্তিকরণ, আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ, কৃষি জমির মিউটেশন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধী শংসাপত্র, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কেসিসি (এগ্রিকালচার), কেসিসি (প্রাণিসম্পদ উন্নয়ন), তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্ক, কৃষি পরিকাঠামো তহবিল, মৎস্যজীবীদের নাম নথিভুক্তিকরণ, জমির পাট্টার আবেদন ও বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়। এছাড়াও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ও মেধাশ্রী সহ আরও বেশ কয়েকটি পরিষেবা যুক্ত হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে। নতুন কিছু পরিষেবা এবারের দুয়ারে সরকার শিবির থেকে পাওয়া যাবে বলে নবান্ন সূত্রে খবর। তবে কোন তারিখ থেকে এই শিবির শুরু হবে তা এখনও জানায়নি রাজ্য সচিবালয়।
শুধু দুয়ারে সরকার নয়, আরও একটি সরকারি কর্মসূচি নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে রাজ্য সরকার। আগামী অগস্ট মাসে শুরু হবে 'শিল্প সমাধানে' নামে একটি কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে শিল্পের জন্য ঋণ দেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যত ক্রেডিট কার্ড, প্যান রেজিস্ট্রেশন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আনন্দধাম স্কিম সহ একাধিক সরকারি প্রকল্পের মাধ্যমে ঋণ পাওয়া যাবে।
সারদা কাণ্ডে মমতা-কুণালকে জেরার আবেদন জানিয়ে সিবিআই ডিরেক্টরকে চিঠি শুভেন্দুর