
প্রসূতি ও তাঁর স্বামী
শেষ আপডেট: 21 January 2025 09:53
দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুর মেডিক্যাল কলেজে 'বিষ স্যালাইন' নিয়ে যখন রাজ্য-রাজনীতি তোলপাড়, সেই আবহে জলপাইগুড়িতে আবারও এক প্রসূতির কোমায় চলে যাওয়ার খবর সামনে এল।
জানা যাচ্ছে সন্তান প্রসবের পর কিডনি বিকল হয়ে ওই প্রসূতি কোমায় চলে গিয়েছেন। বিষাক্ত স্যালাইনের জেরেই এই অবস্থা নাকি চিকিৎসায় গাফিলতি? উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই গোটা বিষয়টি জানিয়ে কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছে পরিবার।
বোয়ালমারি নন্দন পুর গ্রামপঞ্চায়েতের এলাকার বাসিন্দা বছর তেইশের সান্ত্বনা রায়। প্রসব বেদনা নিয়ে গত ২৯ ডিসেম্বর জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের মাদার চাইল্ড হাবে তাঁকে ভর্তি করা হয়। সেই রাতেই তাঁর অস্ত্রোপচার হয়। জন্ম দেন পুত্র সন্তানের।
পরিবারের সূত্রে খবর তার পরদিন থেকেই রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। কিডনি বিকল হয়ে যায়। ২ জানুয়ারি গভীর রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় তাঁকে। এখন রোগী সেখানেই চিকিৎসাধীন। বর্তমানে রয়েছেন ভেন্টিলেশনে।
প্রসূতির স্বামী উত্তম মাতব্বরের অভিযোগ, তাঁর স্ত্রীকে স্যালাইন দেওয়া হয়েছে। সন্দেহ করছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজে যে বিষাক্ত স্যালাইন নিয়ে অভিযোগ উঠছে, এক্ষেত্রেও হয়তো তাই হয়েছে।
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের এমএসভিপি ডাক্তার কল্যান খাঁর কথায়, 'ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী রোগ বিভাগের বিভাগীয় প্রধান-সহ মোট ৫ বিশেষজ্ঞের দল তৈরি করে তদন্ত কমিটি গড়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।'