
শেষ আপডেট: 6 July 2023 10:02
দ্য ওয়াল ব্যুরো: উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন করতে আধার নম্বর বাধ্যতামূলক করল উচ্চ শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তি জারি করে সংসদ জানিয়েছে, উচ্চমাধ্যমিকে রেজিস্ট্রেশন করার সময় আধার নম্বর দিতে হবে পরীক্ষার্থীকে।
বুধবার উচ্চশিক্ষা সংসদ বিজ্ঞপ্তি জারি করে উচ্চমাধ্যমিক নিয়ে নতুন বিষয়টি জানিয়েছে। বলা হয়েছে, ২০২২-২৪ শিক্ষাবর্ষ থেকেই নতুন নিয়ম লাগু হতে চলেছে। এই শিক্ষাবর্ষে যারা পরীক্ষা দেবে, তারা ১৬ অগস্ট থেকে সংসদের পোর্টালে আধার নম্বর আপডেট করতে পারবে। ১০ নভেম্বরের মধ্যে সেই কাজ শেষ করতে হবে পরীক্ষার্থীদের।

অন্যদিকে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পরীক্ষার্থী যারা ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের আধার নম্বর আপডেট করার সময়সীমা ১৬ অগস্ট থেকে ৩১ অক্টোবর। সময়সীমা পেরিয়ে গেলে পরীক্ষার্থীদের ফাইন দিতে হবে।
যদি কোনও পরীক্ষার্থী আধার নম্বর আপডেট না করে, তবে ভবিষ্যতে বিপদে পড়তে পারে। সংসদ জানিয়েছে, দ্রুত আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে পড়ুয়াদের। যদি না করা হয়, তবে পরীক্ষায় বসতে সমস্যা দেখা দিতে পারে। এমনকী বাতিলও হতে পারে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা।
ববিতা ফের চাকরির আশায় হাইকোর্টে গেলেন, মামলা করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই