দ্য ওয়াল ব্যুরো: সদ্য পা রেখেছেন রাজনীতিতে। পেয়েছেন অভাবনীয় সাফল্য। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে সাড়ে তিন লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জিতেছেন সদ্য। তিনি তৃণমূলের গ্ল্যামার গার্ল, নুসরত জাহান। এর পরেই তিনি যান আজমের শরিফের দরগায় আশীর্বাদ নিতে। টুইট করে সে ছবিও পোস্ট করেন। কিন্তু তার পাশাপাশিই নেটিজেনরা আরও একটি সুখবর পান আজই। জানা যায়, খুব শিগগিরিই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই নায়িকা তথা তারকা সাংসদ।
দেখুন আজমের শরিফে নুসরতের টুইট।
https://twitter.com/nusratchirps/status/1132658299936038913
নুসরতের ঘনিষ্ঠ সূত্র বলছে, হাতে আর সময় নেই তাঁর। মাত্র ক’টা দিন বাকি। আগামী মাসে, অর্থাৎ জুনের মাঝামাঝিই নুসরতের বিয়ে। এর মধ্যেই মেহেন্দি-সংগীতের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে নুসরতের ঘনিষ্ঠ সূত্রে।
পাত্রটি কে?
ইন্ডাস্ট্রির অন্দরে প্রায় অনেকেই জানেন, শহরের বিখ্যাত শিল্পপতি নিখিল জৈনের সঙ্গে নুসরতের সম্পর্কের কথা। এমপি বিড়লা ফাউন্ডেশনে পড়াশোনার পর বিদেশে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টের কোর্স করেন নিখিল৷ আপাতত কলকাতাতেই প্রতিষ্ঠিত৷ নুসরতের সঙ্গে তাঁর আলাপ কর্মসূত্রেই।
চমকের এখানেই শেষ নয়। বলি তারকাদের মতোই নুসরতও 'ডেস্টিনেশন ওয়েডিং' করবেন বলে জানা গিয়েছে। অর্থাৎ দেশের বাইরে নুসরত এবং নিখিলের চার হাত এক হবে। ঘনিষ্ঠ সূত্র বলছে, ইতিমধ্যেই ইস্তানবুলের এক পাঁচতারা হোটেল দিন তিনেকের জন্য বুক করে নিয়েছেন হবু দম্পতি। বুকিংয়ের তারিখ তানা গিয়েছে, জুনের ১৯ থেকে ২১।
অভিনেত্রীর পার্ক সার্কাসের ব্রড স্ট্রিটের বাড়িতেও এখন ব্যস্ততা তুঙ্গে। চলছে বিয়ের প্রস্তুতি। পাত্রী তো ভোটের ব্যস্ততায় বিশেষ সময়ই দিতে পারেননি সে দিকে। তবে ইতিমধ্যেই পাত্র-পাত্রীর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের কাছে পৌঁছে গিয়েছে বিয়ের নিমন্ত্রণপত্র।
এ দিন প্রথম জল্পনা শুরু হয় নিখিলের এক ফেসবুক পোস্ট ঘিরে। নুসরত জেতার পরই নিখিল নিজের ফেসবুকে একটি পোস্ট করে জানান, বাংলায় তৃণমূল প্রার্থীদের মধ্যে নিঃসন্দেহে নজরকাড়া ব্যবধানে জিতেছে নুসরত। শনিবারই আবার সেই পোস্ট সরিয়ে দেন নিজের পাতা থেকে। আর সন্দেহটা চাগাড় দেয় এখানেই৷ তার পরেই ঘনিষ্ঠ সূত্রে খবর মেলে, নুসরত-নিখিল নতুন জীবন শুরু করতে চলেছেন।