
শেষ আপডেট: 29 January 2023 03:17
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে (wife) বিষ (poison) মেশানো মিষ্টি খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল স্বামীর (husband) বিরুদ্ধে। কিন্তু তার আগেই হাতেনাতে ধরা পড়ে যায় যুবক। এরপরই গ্রামবাসীরা জামাইকে ধরে দু-এক ঘা দেয়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগরের দাসপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ধনীরামপুরের রুবেল শেখ শুক্রবার রাতে মিষ্টি নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে আসে। সেখানেই মিষ্টিতে বিষ মিশিয়ে তাঁকে মারার চেষ্টা করেছিল বলে স্বামীর বিরুদ্ধে অভিযোগ আনলেন স্ত্রী সুফিনা বিবি। জানা গেছে, বিষ মেশানোর সময় ধরা পড়ে যায় যুবক। মুহূর্তের মধ্যে এই কথা জানাজানি হয়ে যায় এলাকায়। ছুটে আসেন গ্রামবাসীরা।
এরপর অভিযুক্ত জামাইকে আটকে রেখে চড়-ঘুষি মারা হয়। পরে শনিবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানিনগর থানার পুলিশ। তখন তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় রানিনগর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত জামাইকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু কেন নিজের স্ত্রীকে খুনের চেষ্টা করল যুবক, তাও আবার শ্বশুরবাড়িতে এসে, সেটা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
২২ বছরের বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হরিদেবপুরে! পণের দাবিতে নির্যাতনের অভিযোগ, গ্রেফতার চার