
শেষ আপডেট: 20 April 2023 06:29
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: মঙ্গলবার রাতেই পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে গ্রেফতার করা হয়েছে কয়লা মাফিয়া রাজু ঝা (Raju Jha) খুনে জড়িত এক অভিযুক্তকে। ধৃতের নাম অভিজিৎ মণ্ডল (Abhijeet Mondal)। ঘটনায় আরও দু'জনকে আটক করেছে পুলিশ। শক্তিগড় থানায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।
পুলিসের দাবি, জিজ্ঞাসাবাদ চলাকালীন অভিজিৎ মণ্ডল ঘটনায় জড়িত থাকার কথা কবুল করেছে। বুধবার তাকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। সেখানে ধৃতকে ১৪ দিন হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। এদিকে ধৃতের আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে মিথ্যাচার করে গ্রেফতার করা হয়েছে। সে আদৌ ঘটনার সঙ্গে জড়িত নয়। প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে।
শুধু তাই নয়, গ্রেফতারের পর লকআপে অভিজিৎকে পুলিশ মারধর করেছে বলেও আদালতে একটি পিটিশন জমা দেন ধৃতের আইনজীবী। এর পাশাপাশি হেফাজতে ধৃতকে জিজ্ঞাসাবাদের সময় ভিডিওগ্রাফি করা এবং আইনজীবীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, অভিজিতের পাশাপাশি আরও দু’জনকে অন্যায়ভাবে থানায় আটকে রাখা হয়েছে বলেও আদালতে একটি আবেদন জমা পড়েছে। সরকারি আইনজীবী অবশ্য পুলিশি হেফাজতের পক্ষেই জোরালো সওয়াল করেন।
অবশেষে দু’পক্ষের সওয়াল-জবাব শুনে ধৃতকে ১৪ দিন পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম চন্দা হাসমত। এছাড়াও হেফাজতে থাকাকালীন সুপ্রিম কোর্টের নির্দেশিকা যাতে কঠোরভাবে মানা হয় তা দেখার জন্য তদন্তকারী অফিসারকে নির্দেশ দিয়েছেন সিজেএম। তবে, আরও দু’জনকে আটকে রাখা নিয়ে তদন্তকারী অফিসারকে প্রশ্ন করেন সিজেএম। সেখানে দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেই জানান তদন্তকারী অফিসার।
জার্মানির লেক থেকে উদ্ধার মৃত বাঙালি যুবক! খুনের অভিযোগ পরিবারের, দেহ ফিরবে ময়নাতদন্তের পর