
শেষ আপডেট: 5 January 2023 10:09
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার ( Account Fraud ) অভিযোগ উঠল খোদ কেয়ার সেন্টারের ম্যানেজারের (Care Center Manager) বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ।
কালিন্দি এলাকার বাসিন্দা লিজা মুখোপাধ্যায় পেশায় একজন চিকিৎসক। তিনি ইংল্যান্ডে কর্মরত। কালিন্দির বাড়িতে একাই থাকেন তাঁর তিয়াত্তর বছরের বৃদ্ধা মা জয়শ্রী গোস্বামী। তাই মায়ের দেখভালের জন্য একটি বেসরকারি কেয়ার সংস্থা থেকে সুদীপ্ত বিশ্বাস নামে এক ব্যক্তিকে কেয়ার ম্যানেজারে হিসাবে নিয়োগ করেছিলেন। চলতি মাসেই কলকাতায় ফেরেন লিজা। মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখতেই চোখ কপালে ওঠে তাঁর। দেখেন জয়শ্রীদেবীর অ্যাকাউন্ট থেকে ১৯ লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে। এরপরেই তিনি পুলিশের দ্বারস্থ হন।
লিজাদেবীর অভিযোগ, ওই অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছে তাঁর মায়ের কেয়ার ম্যানেজার সুদীপ্ত। পুলিশের কাছে তিনি লিখিত অভিযোগে জানিয়েছেন, এই ব্যক্তি তাঁর মায়ের শারীরিক অসহায়তার সুযোগ নিয়ে ব্ল্যাঙ্ক চেকে সই করে নিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়েছে। এমনকী পিন নম্বর জেনে নিয়ে তাঁর মায়ের এটিএম কার্ড দিয়েও টাকা তুলেছে।
অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত সুদীপ্ত বিশ্বাসকে গ্রেফতার করে। এই প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ।
দূষণের প্রতিবাদ করায় খুন? গাজিয়াবাদে দুই যুবকের দেহ উদ্ধার, অ্যাসিডে ঝলসানো মুখ