
শেষ আপডেট: 17 October 2022 08:32
দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক দুর্ঘটনা কোনা এক্সপ্রেসওয়ের (accident On Kona expressway) জানা গেটের (jana gate) কাছে। এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সটান রাস্তার পাশের মন্দিরে ঢুকে পড়ল একটি ট্রেলার। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ির চালকের (driver)।
ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে সাঁতরাগাছির (santragachi) কাছে জানা গেট এলাকায়। এদিন কলকাতা থেকে ধূলাগড়ের দিকে যাচ্ছিল একটি ট্রেলার। সাঁতরাগাছি ব্রিজের ঠিক আগেই এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তার পাশের একটি মন্দিরে গিয়ে ধাক্কা মারে ট্রেলারটি। দুমড়ে-মুচড়ে যায় সেটি। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় চালকের। দুর্ঘটনার অভিঘাতে চালকের ধড় এবং মুণ্ডু আলাদা হয়ে যায় বলে জানা গেছে।
খবর পেয়ে ছুটে আসে স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় জগাছা থানায়। পুলিশ এসে পৌঁছানোর পর ক্রেনের সাহায্যে ট্রেলারটির বনেট ভেঙে উদ্ধার করা হয় চালকের মৃতদেহ। রাতেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহটি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে মন্দিরটিও। এর জেরে রবিবার রাতে কোনা এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
তবে এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা আঙুল তুলেছেন পুলিশের দিকে। তাঁদের অনেকের দাবি, ওই এলাকায় ট্রেলারগুলি থেকে নিয়মিত তোলা তোলে পুলিশ। সাইকেল আরোহীকে বাঁচাতে নয়, বরং পুলিশকে যাতে তোলা দিতে না হয় সেই কারণেই দ্রুতগতিতে ছুটে যাচ্ছিল ট্রেলারটি, এমন দাবি করেছেন অনেকে। তবে এই বিষয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ফ্ল্যাট ভাড়া করে পার্টি, মদ খেয়ে সহপাঠিনীকে ধর্ষণের অভিযোগ! ব্যারাকপুরে গ্রেফতার যুবক